বাংলাদেশ প্রতিবেদকঃ জাতীয় সংসদে এক তপ্ত আলোচনায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাম্প্রতিক কর্মকাণ্ডকে সরাসরি ‘সংবিধান বিরোধী’ বলে আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, সিইসি তার সাংবিধানিক এখতিয়ারের বাইরে গিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য পদের শপথ ফরম বিতরণ করে শপথ ভঙ্গ করেছেন। একইসঙ্গে বিগত অন্তর্বর্তী সরকারের জারি করা সংস্কার আদেশকে ‘প্রতারণার দলিল’ হিসেবে অভিহিত করেন তিনি।
মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার উত্থাপিত একটি মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যে সিইসি’র আইনি সীমাবদ্ধতা ও সাংবিধানিক বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী সিইসি সংবিধান সংরক্ষণের শপথ নিয়েছেন। অথচ তিনি কোন আইনের বলে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হওয়ার ফরম সংসদ সচিবালয়ে পাঠালেন?
স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এই ফরম বিতরণের কোনো আইনগত ভিত্তি সিইসি’র নেই। এটি করে তিনি স্পষ্টত সংবিধান লঙ্ঘন করেছেন।
তিনি প্রশ্ন তোলেন, জনগণ সংসদ সদস্যদের ম্যান্ডেট দিয়েছে আইন সভার জন্য, অন্য কোনো ‘অস্তিত্বহীন’ পরিষদের জন্য নয়। নির্বাচন কমিশন যে ব্যালট দিয়েছিল, তাতে সংস্কার পরিষদের কোনো উল্লেখ ছিল না।
গত বছর জারি করা সংস্কার আদেশটির আইনি ভিত্তি চ্যালেঞ্জ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি মূলত ‘ভয়েড অ্যাব ইনিশিও’ বা শুরু থেকেই বাতিল। তার যুক্তিসমূহ হলো:
১৯৭৩ সালের ৭ এপ্রিলের পর থেকে রাষ্ট্রপতির এ ধরনের বিশেষ আদেশ জারির কোনো ক্ষমতা নেই। সংবিধানের চতুর্থ তপশিলের ১৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ক্ষমতা রহিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, যে আদেশের জন্মই অবৈধ, তার ভিত্তিতে কোনো অধিবেশন বা পরিষদ গঠন করা যায় না। এটি না কোনো আইন, না কোনো বৈধ অধ্যাদেশ। তিনি এই পুরো প্রক্রিয়াকে সার্বভৌম পার্লামেন্টের অধিকার ক্ষুণ্ণ করার একটি ব্যর্থ চেষ্টা এবং বিগত সরকারের একটি ‘প্রতারণার দলিল’ হিসেবে বর্ণনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা সংস্কারের বিরোধী নই, কিন্তু সেই সংস্কার হতে হবে সংবিধানসম্মত এবং জনগণের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে। কোনো অবৈধ আদেশের মাধ্যমে সংসদকে পাশ কাটিয়ে কিছু করা যাবে না।” ।
বিএনপি সংস্কার চায় না—এমন প্রচারণাকে ‘বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দেন সালাহউদ্দিন আহমদ। দলের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, ২০২৫ সালে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর প্রতিটি শব্দ ও বাক্যের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। সনদে বর্ণিত ৪৭টি বিষয়ে যে ঐকমত্য হয়েছে, তা নিয়ে আগামীতে সংসদে বিস্তারিত আলোচনা হবে। জনগণের ম্যান্ডেট অনুযায়ীই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই কড়া বক্তব্যের পর সংসদ অধিবেশনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে এই আইনি ব্যাখ্যা নিয়ে নানামুখী প্রতিক্রিয়া দেখা গেছে।

