বাংলাদেশ প্রতিবেদকঃ বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও দুই ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। হেনলি অ্যান্ড পার্টনার্স-এর প্রকাশিত ২০২৬ সালের সাম্প্রতিক বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম। এর আগের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৩তম।
র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলেও বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য স্বস্তির খবর এই যে, বর্তমানে বিশ্বের ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন তারা। তবে এই সুবিধার ধরণ দেশভেদে ভিন্ন হতে পারে। কিছু দেশে সরাসরি প্রবেশাধিকার থাকলেও অনেক ক্ষেত্রে গন্তব্যে পৌঁছানোর পর ‘অন-অ্যারাইভাল’ ভিসা নিতে হবে অথবা ভ্রমণের আগে ‘ই-ভিসা’ সংগ্রহ করতে হবে।
বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এখন যেসব দেশে আগাম ভিসা ছাড়া যাওয়া যাবে: এশিয়া: ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং তিমুর।
আফ্রিকা: বুরুন্ডি, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, জিবুতি, গাম্বিয়া, কেনিয়া, মাদাগাস্কার, রুয়ান্ডা, সেশেলস এবং সিয়েরা লিওন।
আমেরিকা ও ক্যারিবিয়ান: বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, বাহামাস এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
ওশেনিয়া: কুক আইল্যান্ডস, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, নিউই, সামোয়া, টুভ্যালু এবং ভানুয়াতু।
এবারের সূচকেও এককভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মর্যাদা ধরে রেখেছে সিঙ্গাপুর। তালিকায় দ্বিতীয় অবস্থানে যৌথভাবে জায়গা করে নিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন।
এছাড়া যৌথভাবে চতুর্থ অবস্থানে রয়েছে ইউরোপের একঝাঁক শক্তিশালী দেশ— বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড।

