‘৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা রেখে গেছে বিগত সরকার’: অর্থনীতি পুনরুদ্ধারে দুই বছর সময় চাইলেন তথ্যমন্ত্রী

0
'৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা রেখে গেছে বিগত সরকার': অর্থনীতি পুনরুদ্ধারে দুই বছর সময় চাইলেন তথ্যমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদকঃ বিগত সরকারের আমলের ব্যাপক লুটপাট এবং ভঙ্গুর অর্থনীতির চিত্র তুলে ধরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার এক বিশাল ঋণের পাহাড় উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এই সংকট কাটিয়ে দেশকে স্বাবলম্বী করতে কমপক্ষে দুই বছর নিরবচ্ছিন্ন সময় প্রয়োজন।

বুধবার (১৩ মে, ২০২৬) সকালে রাজধানীর উত্তরায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার খতিয়ান তুলে ধরে মন্ত্রী জানান, বিগত সরকারের লুটপাটের কারণে বর্তমানে দেশের ওপর প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা চেপে আছে। তিনি বলেন, “আমাদের প্রতি বছর ৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ শোধ করতে হচ্ছে। অথচ আমাদের বার্ষিক রপ্তানি আয় মাত্র ৪০ বিলিয়ন ডলার এবং রেমিট্যান্স প্রবাহ ২০ থেকে ২২ বিলিয়ন ডলারের মধ্যে। আমাদের আমদানি-নির্ভর অর্থনীতিতে প্রতি বছর ৬০-৭০ বিলিয়ন ডলারের পণ্য কিনতে হয়। ফলে একটি বড় অংকের ঘাটতি বাজেট নিয়ে আমাদের পথ চলতে হচ্ছে।”

জহির উদ্দিন স্বপন বলেন, অতীতের সরকারের দুর্নীতির দায় এখন দেশের সাধারণ জনগণকে বইতে হচ্ছে। এই কঠিন সময়ে রাজনৈতিক বিভাজন দেশের জন্য ক্ষতিকর হতে পারে উল্লেখ করে তিনি বলেন, “অর্থনৈতিক সংকট পুনরুদ্ধারের এই জটিল সন্ধিক্ষণে আমাদের ভোটারদের সজাগ থাকতে হবে। সংসদীয় গণতন্ত্রে আমরা গঠনমূলক বিতর্ক ও সমালোচনাকে স্বাগত জানাই, তবে সেই সমালোচনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে কেউ যেন রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।”

দেশের সামাজিক স্থিতিশীলতা রক্ষায় আলেম-ওলামাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “হাজার বছর ধরে এদেশে নানা ধর্ম-বর্ণের মানুষ শান্তিতে বাস করছে। কিন্তু যারা গণবিচ্ছিন্নভাবে ক্ষমতা দখল করে ছিল, তারা টিকে থাকতে জনগণের মধ্যে ধর্মীয় বিভাজন তৈরি করত।” তিনি আরও যোগ করেন, আগামী দুই বছর যদি শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখা না যায়, তবে এই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনর্গঠন করা অসম্ভব হয়ে পড়বে। সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করার অনুরোধ জানান তিনি।