শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ: শ্রদ্ধা ও জনকল্যাণমূলক কর্মসূচিতে স্মরণের উদ্যোগ

0
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ: শ্রদ্ধা ও জনকল্যাণমূলক কর্মসূচিতে স্মরণের উদ্যোগ

বাংলাদেশ প্রতিবেদকঃ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্যের নৃশংস হামলায় নিহত হন ক্ষণজন্মা এই রাষ্ট্রনায়ক।

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালনে বিএনপি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী এক বিস্তৃত শোক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মূল প্রতিপাদ্য হিসেবে দেশজুড়ে কালো পতাকা উত্তোলন, বিশেষ আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, মিলাদ মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণের মতো সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৩০ মে) প্রত্যুষে (ভোর ৬টায়) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের প্রতিটি দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়।

শেরেবাংলা নগরে শহীদ জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তাঁর সাথে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী মানিক মিয়া অ্যাভিনিউয়ের টি অ্যান্ডটি খেলার মাঠ সংলগ্ন এলাকায় অবস্থানরত সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরবর্তীতে তিনি রাজধানীর আরও ১৬টি স্পটে আয়োজিত অনুরূপ মানবিক সহায়তা কার্যক্রমে সরাসরি অংশ নেবেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পরবর্তীতে বেলা ১১টায় হাইকোর্ট মাজার এলাকায় আইনজীবীদের আয়োজনে দুস্থদের মাঝে সামগ্রী বিতরণ করবেন তিনি। কারওয়ান বাজারে এফডিসির সম্মুখভাগে আয়োজিত বিশেষ কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এসব কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানা এবং দেশের সব জেলা ও মহানগরে ভোর থেকেই দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। স্থানীয় পর্যায় থেকেও দিনভর সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হচ্ছে।

আট দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে, আগামীকাল ৩১ মে (রবিবার) বেলা ২টায় রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে এক কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগমারা গ্রামে জন্মগ্রহণ করা জিয়াউর রহমান ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করে মুক্তিকামী বাঙালিকে উজ্জীবিত করেছিলেন। মহান মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের কমান্ডার এবং ‘জেড ফোর্স’-এর অধিনায়ক হিসেবে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের পটভূমিতে তিনি রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন এবং পরবর্তীতে দেশের অষ্টম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনর্প্রবর্তন, যুগান্তকারী ‘খালকাটা কর্মসূচি’র মাধ্যমে কৃষিতে বিপ্লব আনা, জনশক্তি রপ্তানির দুয়ার উন্মোচন এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র হিসেবে ‘সার্ক’ (SAARC) প্রতিষ্ঠার দূরদর্শী স্বপ্নদ্রষ্টা ছিলেন এই মহান নেতা।