কূটনৈতিক প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জাতির ক্রান্তিলগ্নে তাঁর ঐতিহাসিক বেতার ভাষণের বীরত্বপূর্ণ ভূমিকার কথা বিশেষভাবে স্মরণ করেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত।
শনিবার (৩০ মে) ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিবৃতিতে এই শ্রদ্ধা ও সংহতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে ভারতীয় হাইকমিশন উল্লেখ করে, বাংলাদেশের সর্বস্তরের মানুষ যখন শ্রদ্ধা ও ভালোবাসায় জিয়াউর রহমানকে স্মরণ করছে, তখন ১৯৭১ সালের মার্চ মাসে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দেওয়া তাঁর সেই ঐতিহাসিক কালজয়ী ভাষণের কথা দীপ্তিময় হয়ে ওঠে। হাইকমিশনের মতে সেই বলিষ্ঠ কণ্ঠস্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর নিপীড়নের বিরুদ্ধে বাঙালি জাতিকে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে প্রবলভাবে অনুপ্রাণিত করেছিল।
তৎকালীন কঠিন পরিস্থিতিতে তাঁর সেই ঘোষণা মুক্তিকামী জনতাকে জাতীয় স্বাধীনতার চূড়ান্ত সংগ্রামের পথে এগিয়ে যাওয়ার অদম্য সাহস ও উৎসাহ জুগিয়েছিল।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর এই স্মারক বার্তায় দুই দেশের ঐতিহাসিক ও অবিচ্ছেদ্য সম্পর্কের ওপর জোর দিয়েছে ভারত। হাইকমিশন তাদের বার্তায় স্পষ্ট করে বলে, “১৯৭১ সালের গৌরবময় মহান মুক্তিযুদ্ধের দিনগুলোতে ভারত যেভাবে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল, ঠিক একইভাবে আজও ভারত বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।”
বার্তার শেষাংশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দুই দেশের বীর সন্তানদের অভিন্ন আত্মত্যাগের ইতিহাস স্মরণ করা হয়। একই সাথে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করে দুই দেশের জনগণের পারস্পরিক উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং সমৃদ্ধির যৌথ যাত্রাকে আগামী দিনে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করে ভারতীয় হাইকমিশন।

