
অর্থনৈতিক প্রতিবেদকঃ দেশের রাজস্ব ব্যবস্থাপনায় এক অভূতপূর্ব ও ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রাতিষ্ঠানিক ইতিহাসে প্রথমবারের মতো এনবিআরের রাজস্ব আদায় ৪ লাখ কোটি টাকার ঘর অতিক্রম করেছে। সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৮তম দিনে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই যুগান্তকারী সাফল্যের তথ্য সংসদকে অবহিত করেন।
অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মাথায় গৃহীত নানামুখী সংস্কার ও গতিশীল পদক্ষেপের কারণে রাজস্ব খাতে এই অভাবনীয় সাফল্য ও চাঙ্গাভাব এসেছে।
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জন্য নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রাকে ‘চ্যালেঞ্জিং’ হিসেবে অভিহিত করলেও তা অর্জন করা সম্ভব বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী। তিনি স্পষ্ট করেন যে, সরকার করের হার না বাড়িয়ে বরং করের আওতা বা করভিত্তি সম্প্রসারণের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে চায়। রাজস্ব ব্যবস্থাপনাকে সম্পূর্ণ করদাতা-বান্ধব এবং স্বচ্ছ করাকে বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।
এই লক্ষ্য বাস্তবায়নে গৃহীত মূল পদক্ষেপসমূহ, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আলাদা করা। কর ব্যবস্থার আধুনিকায়ন ও অটোমেশন নিশ্চিত করা। কর ফাঁকি রোধ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে জটিল নিয়মকানুন সহজ (বিনিয়ন্ত্রণ) করা। ব্যবসায়িক হয়রানি বন্ধে সামর্থ্য অনুযায়ী ‘ফ্ল্যাট রেটে’ ভ্যাট প্রদানের সুযোগ দেওয়া হচ্ছে। তবে সাধারণ মানুষের দৈনন্দিন স্বস্তির কথা বিবেচনা করে কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকানকে এই ভ্যাটের আওতার বাইরে সম্পূর্ণ মুক্ত রাখা হবে।
বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকারের কঠোর ও সমন্বিত উদ্যোগের কথা উল্লেখ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, মুদ্রানীতি ও রাজস্ব নীতির কার্যকর সমন্বয়ের মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ এবং টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার কাজ চলছে।
সবচেয়ে বড় ঘোষণা হিসেবে তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ৬০টি পণ্যের উৎসে কর হ্রাস করা হয়েছে। এ ছাড়া সরবরাহ ব্যবস্থার ত্রুটি দূর করা, বাজারে সুস্থ প্রতিযোগিতা বৃদ্ধি এবং অসাধু সিন্ডিকেটের কৃত্রিম সংকট ও কারসাজির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে, যা ধাপে ধাপে মূল্যস্ফীতি কমিয়ে আনবে।
আগামী অর্থবছরের জন্য প্রাক্কলিত ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে অর্থমন্ত্রী একটি নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, “প্রবৃদ্ধি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি অর্থনীতির সামগ্রিক কার্যক্রম, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান এবং আস্থার প্রতিফলন।”
এই লক্ষ্যমাত্রা অর্জনে প্রথাগত খাতগুলোর পাশাপাশি ‘ক্রিয়েটিভ অর্থনীতি’ (Creative Economy) খাতসমূহকে মূলধারায় নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশব্যাপী উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, ভৌত অবকাঠামো শক্তিশালীকরণ এবং বেসরকারি খাতে বিনিয়োগের ওপর বিশেষ জোর দেওয়া হবে।
বাজেট ঘাটতি ও সরকারি ব্যয় ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অনিয়ম দূর করে নতুন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অর্থমন্ত্রী। তিনি জানান, অহেতুক পরিচালন (চলতি) ব্যয় কমিয়ে সরকার উন্নয়নমুখী ব্যয়ের দিকে বড় ধরনের মোড় পরিবর্তন করছে।
অর্থমন্ত্রী সংসদকে আশ্বস্ত করেন যে, সরকারি ব্যয়ের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং টেকসই ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে বাজেট ঘাটতি সবসময় সহনীয় পর্যায়ে রাখা হবে। আগামী অর্থবছরগুলোতে উন্নয়ন ব্যয়ের এই অংশ আরও বৃদ্ধি এবং পরিচালনা ব্যয়ের অংশ ক্রমান্বয়ে আরও কমিয়ে আনা হবে।
