বাংলাদেশ প্রতিবেদকঃ জুলাই গণ-অভ্যুত্থান কোনো একক দল বা ব্যক্তির নয়, এটি দেশের সব গণতন্ত্র ও শান্তিকামী মানুষের যৌথ অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে যারা জীবন দিয়েছেন, তাদের প্রত্যেকের ত্যাগের যথাযথ রাষ্ট্রীয় মূল্যায়ন করা হবে।
আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে এই বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের আবেগঘন বক্তব্যের পর প্রধানমন্ত্রী নিজের পরিবার ও দেশের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে বক্তব্য রাখেন।
বক্তৃতায় সরকারপ্রধান প্রতিশোধের রাজনীতির ঊর্ধ্বে উঠে নিয়মতান্ত্রিক বিচারের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, “যারা হত্যা ও নির্যাতনের জন্য দায়ী, তাদের অবশ্যই বিচার করা হবে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বিচারের নামে আমরা যেন কোনো অবিচার না করি। স্বৈরাচারী সরকার যেভাবে বিচার ব্যবস্থা ব্যবহার করে মানুষের ওপর অবিচার করেছে, আমরা যেন সেই পথ অনুসরণ না করি।”
তিনি আরও যোগ করেন, “যে শহীদ হয়েছে, সে যদি ওপর থেকে দেখে যে তার হত্যার বিচার করতে গিয়ে আমরা অন্য কারও ওপর অন্যায়-অবিচারের আশ্রয় নিচ্ছি, তাহলে সেই শহীদ কষ্ট পাবে। আইন অনুযায়ী হত্যাকারীদের সঠিক বিচার করা হবে, প্রয়োজনে বিচার প্রক্রিয়ার জন্য সময় নেওয়া হবে।”
দেশের সামগ্রিক উন্নয়নের জন্য বিভেদ ভুলে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্যের ডাক দেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জাতিকে বিভক্ত করে দেশকে কোনোভাবেই সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
তিনি বলেন, দেশের স্বার্থে সবাইকে দল-মত ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণ-অভ্যুত্থানে প্রত্যেকের ত্যাগের মূল্যায়ন করা হবে, তবে তার মানে এই নয় যে কাউকে বঞ্চিত করে তা করা হবে। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমেই শহীদদের সত্যিকারের সম্মান প্রদর্শন করতে হবে।
জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে এই আবেগঘন স্মরণ সভায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা।

