‘আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

0
‘আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশ প্রতিবেদকঃ সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে খুব শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তারা দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে দিল্লিতে। তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।”

আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলনের পেছনের কিছু অজানা অধ্যায় তুলে ধরেন। তিনি জানান, আন্দোলনের সময় তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তিনি নিজে বিদেশে নির্বাসিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “সে সময় তারেক রহমানের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করে অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হই। এটা পর্দার অন্তরালের কথা। আমরা নির্বাসনে না থাকলে হয়তো আন্দোলন সফল হতো না। কারণ, আমরা শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনের নেপথ্যে সহযোগিতা করেছি এবং রাজনৈতিক-অরাজনৈতিক সব মানুষকে ঐক্যবদ্ধ করেছি।”

জুলাইয়ে সংগঠিত গণহত্যা ও লাশ পুড়িয়ে ফেলার মতো নৃশংস ঘটনার পরও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (শেখ হাসিনা) উল্টো আন্দোলনকারীদের ‘জঙ্গি’ হিসেবে আখ্যা দিচ্ছেন এবং তাদের বিরুদ্ধে বিষোদগার করছেন। একই সঙ্গে বিদেশে বসে আওয়ামী লীগের নেতারা এখনও দেশবিরোধী বিভিন্ন উসকানি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

বক্তব্যে জুলাই বিপ্লবের চেতনা নিয়ে কোনো ধরনের রাজনীতির সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করি, চেতনা বিক্রি ভালো নয়। যারা চেতনা ব্যবসা করবে, তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে।”

আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সবাইকে কিছুটা ধৈর্য ধারণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার তার সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে এবং জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর।

আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এই আবেগঘন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জাকারিয়া তাহের সুমন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, নুরুল ইসলাম মনি, জাতীয় সংসদের চিফ হুইপ ও অনুষ্ঠানের সভাপতি।