বাংলাদেশ প্রতিবেদকঃ সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এই কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে। তবে এই বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদল।
সংসদ সূত্রে জানা গেছে, কমিটিটি মূলত ১৭ সদস্যবিশিষ্ট হওয়ার কথা ছিল। জাতীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এই বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবনায় বিরোধী দলের জন্য ৫টি পদ বরাদ্দ রেখে তাদের কাছ থেকে নাম চাওয়া হয়েছিল। তবে বিরোধী দল সেই অনুরোধ প্রত্যাখ্যান করে নাম দেওয়া থেকে বিরত থাকে। তারা মূলত ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবিতে অনড় অবস্থানে রয়েছে।
বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। এ বিষয়ে সংসদ সদস্য আখতার হোসেন সাংবাদিকদের জানান “সরকার আমাদের সংবিধান সংশোধন কমিটিতে থাকার প্রস্তাব দিয়েছিল। কিন্তু এই কমিটির কার্যক্রম ও প্রক্রিয়ার ওপর আমাদের নৈতিক সমর্থন না থাকায় আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি।”
বিরোধী দলের এই ভূমিকার সমালোচনা করেছেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি স্পষ্ট জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে সংবিধান সংশোধন করা ছাড়া কোনো বিকল্প নেই।
চিফ হুইপ বলেন, “আমরা বিরোধীদের অন্তর্ভুক্ত করেই ১৭ সদস্যের কমিটি করতে চেয়েছিলাম। বর্তমান সংবিধান অনুযায়ী দুটি শপথ নেওয়া সম্ভব নয়, তাই যা করণীয় তা এই কমিটিকে নিয়েই করা হবে। এই কমিটি প্রয়োজনীয় সুপারিশ পেশ করবে এবং তা পাস করার মতো হলে সংসদ তা বিবেচনা করবে।” বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, তারা বিষয়টি না বুঝেই সংসদ থেকে বের হয়ে গেছে।

