মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণে আহত ১, আতঙ্কে সড়ক বন্ধ

0
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণে আহত ১, আতঙ্কে সড়ক বন্ধ

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচের সড়ক থেকে পরিত্যক্ত একটি ছাতার ভেতরে রাখা উচ্চক্ষমতাসম্পন্ন ‘আইইডি’ (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) প্রকৃতির বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বোমাটির উপস্থিতি নিশ্চিত হওয়ার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল তা সফলভাবে নিষ্ক্রিয় করে।

তবে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি ধ্বংস করার সময় ছিটকে আসা স্প্লিন্টারে মিরাজ আহমেদ (৩৩) নামের এক পথচারী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়ক দিয়ে ‘উল্টো রথযাত্রা’র একটি ধর্মীয় শোভাযাত্রা অতিক্রম করার পরপরই স্টেশনের জেনারেটর কক্ষ সংলগ্ন রাস্তার পাশে একটি পরিত্যক্ত ছাতা পড়ে থাকতে দেখেন পথচারী ও দায়িত্বরত আনসার সদস্যরা।

ছাতার ভেতর থেকে মিটিমিটি আলো জ্বলতে দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। বার্তা পেয়ে মতিঝিল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকাটি লাল ফিতা দিয়ে ঘিরে ফেলে নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলে।

পরীক্ষা-নিরীক্ষা শেষে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট নিশ্চিত করে যে, ছাতার অভ্যন্তরে লুকানো বস্তুটি একটি অত্যন্ত বিপজ্জনক ও শক্তিশালী আইইডি (IED) বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যার ভেতরে ডেটোনেটর ও বিস্ফোরক সংযুক্ত ছিল।

রাত আটটার দিকে সিটিটিসির বোম্ব ডিসপোজাল দল নিরাপদ দূরত্ব বজায় রেখে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। বিস্ফোরণের বিকট শব্দে পুরো মতিঝিল এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

একই সময়ে রিকশায় টিকাটুলীর রাজধানী মার্কেট থেকে আরামবাগের বাসায় ফিরছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী মিরাজ আহমেদ। বিস্ফোরণের পর ছিটকে আসা ধাতব স্প্লিন্টার তাঁর বাঁ চোখে এসে আঘাত করে। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে শেরেবাংলা নগরের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পর ডিএমপির ডিবি পুলিশ ও সিটিটিসির উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ডগ স্কোয়াডের সহায়তায় পুরো এলাকায় দ্বিতীয় দফায় তল্লাশি চালান এবং ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেন।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, “উদ্ধার করা আইইডি প্রকৃতির বোমাটি সফলভাবে অপসারণ ও নিষ্ক্রিয় করা হয়েছে। ছাতার ভেতরে কারা এই বিস্ফোরকটি রেখেছিল, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করার কাজ চলছে। এমআরটি পুলিশের কন্ট্রোল রুম জানিয়েছে, স্টেশন ভবনের নিচের সড়কে এ ঘটনা ঘটলেও মেট্রোরেলের উড়ালপথ ও ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত ছিল।

আইনশৃঙ্খলা বিনষ্ট ও নাশকতার চেষ্টার অভিযোগে জড়িতদের গ্রেপ্তারে জোর অভিযান শুরু করা হয়েছে এবং মতিঝিল থানায় একটি ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।