ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা প্রতিদিন মিছিল বের করছে। বলছে পিআর চাই, পিআর চাই। পিআরটা কী আমি নিজেও বুঝি না। আমার তাদের প্রতি অনুরোধ, দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি করতে দেন। এই মানুষগুলো বাঁচুক, যে অস্থিরতার মধ্যে মানুষগুলো আছে সেই অস্থিরতা কাটুক।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে স্থানীয় সুধী সমাজ, হিন্দু ধর্মাবলম্বী ও নারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘দয়া করে এসব বাদ দিয়ে নির্বাচনটা শেষ করেন। জনগণের একটা প্রতিনিধি আসুক। তারপর এই বিষয়গুলো নিয়ে আরও তর্ক-বিতর্ক করা যাবে, আরও কথা বলা যাবে। দেশটাকে বাঁচান।’
তিনি বলেন, ‘গণভোট দিতে হবে না হলে ভোট হবে না, পিআর ছাড়া ভোট হবে না- এমন বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে এখন আর বিভাজন সৃষ্টি করবেন না।’
সবশেষে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা সবাই ভালো থাকবেন এবং ধানের শীষে একটা করে ভোট দেবেন।’
এ সময় তিনি স্লোগান দেন- মা-বোনের মার্কা কী? উপস্থিত নেতা-কর্মীরা একসঙ্গে জবাব দেন- ধানের শীষ, ধানের শীষ।
সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলি, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

