জয়নাল আবেদীন: রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।বুধবার বিকেলে রংপুর নির্বাচন অফিস থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম তোলার পর আনোয়ারা ইসলাম রানী বলেন, ‘আপনাদের ভালোবাসা ও উৎসাহ পেয়ে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। কোনো ক্ষমতার জোরে বা কোনো দলের ছায়ায় নয় শুধু মানুষের ভালোবাসা, বিশ্বাস ও ন্যায়ের শক্তিকে সঙ্গী করে আমি রাজনীতি করতে এসেছি। আমি সুবিধাভোগী হতে আসিনি, এসেছি মানুষের কথা বলার জন্য, অবহেলিত কণ্ঠের ভাষা হওয়ার জন্য।’আমার কোনো পিছুটান নেই, সংসার নেই। তাই পুরোটা সময়, শক্তি ও দায়বদ্ধতা আমি উৎসর্গ করতে চাই রংপুর-৩ আসনের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্টার সংগ্রামে।
তরুণদের উদ্দেশ্যে রানী বলেন, ‘কর্মহীন বেকার যুবক ও যুবতীদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব, যাতে তরুণ প্রজন্ম নিজ দেশেই স্বাবলম্বী হয়ে উঠতে পারে। এই নির্বাচন আপনাদের। আপনাদের একটি ভোট হতে পারে ভয়ের রাজনীতির অবসান এবং সাহসী, মানবিক পরিবর্তনের সূচনা।’মনোনয়ন সংগ্রহের বিষয়ে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী জানান, রংপুরে ৬টি আসনে আজ দুপুর পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন সংগ্রহ কিংবা জমা দেননি। তবে বিকেলে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
আশা করা হচ্ছে, এর মধ্যে প্রার্থীরা এসে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেবেন।এখানে উল্লেখ্য করা প্রয়োজন যে, আনোয়ারা ইসলাম রানী এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা করে ২৩ হাজার ৩শ৩৯ ভোট পেয়েছিলেন। এবারও তিনি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছেন।

