মেহেরপুর প্রতিনিধিঃ ক্ষমতায় গেলে জনগণের সম্পদের পবিত্রতা রক্ষা এবং দেশে ন্যায়-বিচারের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার দুপুরে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
জনগণকে পরিবর্তনের আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আপনারা অনেক দলকে সুযোগ দিয়েছেন। অন্তত একবারের জন্য জামায়াতে ইসলামীকে সুযোগ দিয়ে দেখুন, আমরা মানুষের ভাগ্য পরিবর্তনে কতটা ভূমিকা রাখতে পারি। আল্লাহর কসম করে বলছি, জনগণের আমানত বা সম্পদের ওপর আমরা হাত দেব না।”
বক্তব্যে তিনি বিগত চার দলীয় জোট সরকারের আমলের স্মৃতিচারণ করে বলেন, সেই সময় জামায়াতে ইসলামীর দুজন মন্ত্রী অত্যন্ত সফলভাবে মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। তাঁদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি। জামায়াত আমির আরও বলেন, “আমরা শতভাগ স্বচ্ছতার মাধ্যমে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই।”
মেহেরপুর জেলা জামায়াতের আমির ও মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাও. তাজ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় ডা. শফিকুর রহমান স্থানীয় দুটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠান শেষে তিনি মেহেরপুর-১ আসনে মাও. তাজ উদ্দিন খান এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে মাও. নাজমুল হুদার হাতে দলীয় প্রতীক তুলে দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ। জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাও. রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন:
জেলা সেক্রেটারি ইকবাল হোসেন। এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শাকিল আহামেদ। জেলা এবি পার্টির আহ্বায়ক রফিকুজ্জামান ও জেলা খেলাফত মজলিসের সভাপতি মাও. হুসাইন আহমেদ।
১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দসহ মেহেরপুরের তিনটি উপজেলা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী এই জনসভায় অংশ নেন। বক্তারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে জামায়াতে ইসলামীকে বিজয়ী করার জন্য জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

