ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেবল জনপ্রতিনিধি নির্বাচনের আনুষ্ঠানিকতা নয়, বরং ভঙ্গুর রাষ্ট্রকে পুনরায় গড়ে তোলার এক মহাপরীক্ষা হিসেবে অভিহিত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ের মাটিতে পা রেখে তিনি সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এবং উত্তরবঙ্গকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক বলয় তৈরির একগুচ্ছ প্রতিশ্রুতি দেন।
বিগত তিনটি নির্বাচনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “গত ১৫ বছরে দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তবে আগামী ১২ ফেব্রুয়ারির ভোট হবে সেই হারানো অধিকার ফিরে পাওয়ার দিন। এই নির্বাচনের মাধ্যমেই দেশের মানুষ তাদের মালিকানা ফিরে পাবে।”
জনসভায় তারেক রহমান বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার কিছু বিশেষ পরিকল্পনা তুলে ধরেন:
ফ্যামিলি কার্ড: দেশের প্রতিটি পরিবারে, বিশেষ করে নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। কৃষি কার্ড ও ঋণ মওকুফ: কৃষকদের জন্য থাকবে বিশেষ কৃষি কার্ড, যার মাধ্যমে সহজে ঋণ, সার ও কীটনাশক মিলবে। ধানের শীষ জয়ী হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার ঘোষণা দেন তিনি। এমনকি নিবন্ধিত এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণ সরকার পরিশোধ করবে বলেও জানান।
উত্তরাঞ্চলকে অবহেলিত রাখার অভিযোগ তুলে তিনি বলেন, “কৃষিপ্রধান এই অঞ্চলে কলকারখানা গড়ে তুলে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে বন্ধ চা কারখানা ও শিল্প কারখানাগুলো পুনরায় চালু করা হবে।” এছাড়া যুবকদের দক্ষ করতে কারিগরি প্রশিক্ষণ ও আইটি পার্ক বা হাব গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।
ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের কিছু দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে তারেক রহমান প্রতিশ্রুতি দেন: ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় সচল করা। জেলায় একটি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন। দীর্ঘদিনের দাবি অনুযায়ী একটি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া। কৃষিপণ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নির্মাণ।
অন্য দলের সমালোচনা নয়, বরং গঠনমূলক কাজের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, “নির্বাচনের মাঠে অন্য দলের বিপক্ষে কুৎসা গেয়ে জনগণের লাভ নেই। মানুষ জানতে চায় আমরা তাদের জন্য কী করব। আমরা সেই পরিকল্পনাই তুলে ধরছি।” তিনি জোর দিয়ে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৩ সালের ডিসেম্বরে ঠাকুরগাঁও সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ দুই দশক পর তার এই আগমনে ঠাকুরগাঁও ও আশপাশের জেলাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আজ সকাল থেকে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর এবং সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি জনসভাস্থলে পৌঁছান। ঠাকুরগাঁওয়ের পর এদিন বিকেলে নীলফামারী ও দিনাজপুরেও তাঁর নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

