ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আসন্ন নির্বাচনে সংস্কার ও পরিবর্তনের পক্ষে রায় দিতে সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, “দেশ যেন আর কোনো ব্যক্তির শাসনে নষ্ট না হয় এবং জবাবদিহিতা নিশ্চিত হয়—সেজন্যই আমরা সংস্কার ও পরিবর্তন চাই।”
ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল জানান, এবার দুটি ব্যালট দেওয়া হবে—একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি সংস্কার প্রশ্নে গণভোটের জন্য। তিনি বলেন, “আপনি যদি সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেন, তবেই পরিবর্তন আসবে। না দিলে আমরা আবার পিছিয়ে যাব।”
তারেক রহমানকে ‘তরুণ ও আধুনিক চিন্তার প্রতীক’ উল্লেখ করে তিনি বলেন, “আমরা এমন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে চাই যার নতুন চিন্তাভাবনা আছে। তাই ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সংখ্যালঘু নন, আপনারা এ দেশের নাগরিক। নিজের অধিকারের জন্য নিজের পায়ে দাঁড়ান। আমি এবং বিএনপি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং থাকব।” দেশ আগের মতো ফ্যাসিস্ট কায়দায় চলবে নাকি সুন্দরভাবে নতুন পথে এগোবে—১২ ফেব্রুয়ারির ভোটেই তার ফয়সালা হবে বলে তিনি মন্তব্য করেন।
সভায় মির্জা ফখরুল ছাড়াও বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলীয় নেতৃবৃন্দ। বক্তারা আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতান্ত্রিক ধারাকে সুসংহত করার আহ্বান জানান।

