শাহজাদপুরে ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে ঐক্যজোটের নির্বাচনী জনসভা

0
শাহজাদপুরে 'শাপলা কলি' প্রতীকের পক্ষে ঐক্যজোটের নির্বাচনী জনসভা

শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনে ঐক্যজোট মনোনীত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজের শাপলা কলি প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এ জনসভার আয়োজন করা হয়। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এনসিপি’র কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনের ১১ দলীয ঐক্যজোট মনোনীত প্রার্থী এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এস এম সাইফ মোস্তাফিজ। জনসভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান। সভায় প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান সবাইকে শাপলা কলি প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, শাপলা কলি প্রতীকে ভোট দিলেই দাড়িপাল্লায় ভোট দেয়া হবে বলে গণ্য হবে। তিনি আরো বলেন, যারা নিজের দলের কর্মীদের নিরাপত্তা দিতে পারেনা তারা দেশকে নিরাপদে রাখবে কিভাবে !

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী নির্বাচন দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।‌ এই নির্বাচনে কোন ঋণখেলাপী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও বিদেশী নাগরিকদের হাতে দেশকে তুলে দেয়া যাবে না। যারা ভোট কেন্দ্র দখল করতে আসবেন, তারা যেন বাবা-মার কাছ থেকে বিদায় নিয়ে আসেন। তিনি ইনসাফের রাষ্ট্র কায়েম করতে ১১ দলীয় জোটের প্রার্থী সাইফ মোস্তাফিজকে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর ) আসনের ঐক্যজোটের প্রার্থী এনসিপির এসএম সাইফ মোস্তাফিজ বলেন, আগামী নির্বাচনে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও বালু খেকোদের লাল কার্ড দেখাতে হবে। তিনি ন্যায় ও ইনসাফের দেশ গড়তে শাপলা কলি মার্কায় ভোট প্রার্থনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল খালেক, দলের সেক্রেটারি মাস্টার আব্দুল মালেক, এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডাঃ মোফাজ্জল হোসেন প্রমূখ। জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ১১ দলীয় জোটের শত শত নারী- পুরুষ নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।