‘৭১-এর জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’: কুমিল্লায় মিয়া গোলাম পরওয়ার

0
‘৭১-এর জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’: কুমিল্লায় মিয়া গোলাম পরওয়ার

কুমিল্লা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময়ের বিবর্তনে এবং যুগের চাহিদায় জামায়াতে ইসলামী এখন অনেক বেশি আধুনিক ও জনমুখী। তিনি স্পষ্ট করে জানান, ১৯৭১ সালের জামায়াত এবং বর্তমান জামায়াতকে এক পাল্লায় মাপার সুযোগ নেই, কারণ দলটির গঠনতন্ত্রে ব্যাপক পরিবর্তন ও আধুনিকীকরণ আনা হয়েছে।

শুক্রবার (১ মে) কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখা আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে মিয়া গোলাম পরওয়ার বলেন, সাংবিধানিক নানা পরিবর্তনের পরও একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরনো বিতর্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। তিনি বলেন, “পুরনো ইস্যু নিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা কোনোভাবেই দেশপ্রেমের পরিচয় হতে পারে না। আমরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামকে যথাযথ সম্মান জানাই এবং বর্তমান জামায়াতের গঠনতন্ত্রে এই বিষয়গুলো অত্যন্ত স্পষ্টভাবে সন্নিবেশিত করা হয়েছে।”

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র গঠনের তাগিদ দিয়ে তিনি বলেন, দ্রুত রাজনৈতিক ও সামাজিক বিতর্কের অবসান হওয়া প্রয়োজন। একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে বিভাজন নয়, বরং ইস্পাতকঠিন জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন।

মে দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে জামায়াতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন নেতারা। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখার আমির কাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মো. মজিবুর রহমান ভূঁইয়া। এছাড়াও স্থানীয় জামায়াত ও শ্রমিক ফেডারেশনের শীর্ষস্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক নিশ্চিত করার যে ইসলামি আদর্শ, তা বাস্তবায়নেই জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।