কাঁচপুর ব্রিজের পিলারের নিচে র‍্যাবের হানা: আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির কারখানার সরঞ্জাম উদ্ধার

0
কাঁচপুর ব্রিজের পিলারের নিচে র‍্যাবের হানা: আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির কারখানার সরঞ্জাম উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ব্রিজের পিলারের গভীর খাদ থেকে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন নির্জন এলাকায় এই শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে র‍্যাব-১১-এর একটি দল নিয়মিত টহলে থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ব্রিজের পিলারের নিচে নাশকতার উদ্দেশ্যে বা কেনাবেচার জন্য বিপুল অস্ত্র মজুত করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পিলারের খাদে তল্লাশি শুরু করেন র‍্যাব সদস্যরা।

তল্লাশিকালে একটি প্লাস্টিকের ব্যাগে অত্যন্ত সুকৌশলে লুকানো অবস্থায় নিচের আলামতগুলো উদ্ধার করা হয় ৬টি ওয়ান শুটারগান (দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র)। ১টি শটগানের তাজা গুলি। অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন যান্ত্রিক সরঞ্জাম ও যন্ত্রাংশ।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো জব্দতালিকা ভুক্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অপরাধী চক্র নিরাপদ আস্তানা হিসেবে ব্রিজের পিলারের খাদকে ব্যবহার করছিল এবং সেখানেই দেশীয় প্রযুক্তিতে অস্ত্র তৈরির প্রক্রিয়া চলছিল।

অভিযান প্রসঙ্গে র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, “অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন যেকোনো অপতৎপরতা রুখতে র‍্যাব সদা তৎপর। অবৈধ অস্ত্র বা মাদকের সন্ধান পাওয়া গেলে ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।”