বাংলাদেশ প্রতিবেদকঃ দেশের মানুষ এখন অনেক সচেতন, তারা সবকিছু বোঝেন এবং কাউকে সহজে ক্ষমা করেন না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তরুণদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ যে নতুন সুযোগ পেয়েছে, কোনো ভুলের কারণে যেন সেই রক্তের ধারা ম্লান বা ক্ষতিগ্রস্ত না হয়।
শনিবার (২৩ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আপনাদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। দেশের অগ্রগতিতে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য। তাই আপনাদের প্রতিটি পরিকল্পনা ও কাজ যেন জনকল্যাণে আসে, তা নিশ্চিত করতে হবে।”
বিগত সরকারের আমলের দুর্নীতি তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “ফ্যাসিস্ট সরকারের সময় কেবল পিরোজপুর জেলাতেই এলজিইডি ডিপার্টমেন্ট থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এ ধরনের অপকর্মের দিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দৃষ্টি দিতে হবে এবং দুর্নীতি প্রতিরোধ করতে হবে।”
তিনি আরও যোগ করেন, “আজকে যে নতুন সূর্যোদয় হয়েছে, আসুন আমরা সবাই সেই আলোয় আলোকিত হই এবং দেশের জন্য একটি নতুন দিগন্ত সৃষ্টি করি, যাতে বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু। তিনি তাঁর বক্তব্যে বলেন, আইইবি দল-মত নির্বিশেষে দেশের সব প্রকৌশলীকে একত্রিত করে রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এই প্রতিষ্ঠান দেশের প্রযুক্তিগত অগ্রগতি ও সামগ্রিক উন্নয়নে ধারাবাহিক অবদান রেখে চলেছে।
আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল (সংসদ সদস্য, নরসিংদী-৫), প্রকৌশলী মঈনুল ইসলাম খান (সংসদ সদস্য), প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি (সংরক্ষিত আসনের সংসদ সদস্য), প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া, প্রকৌশলী মারদিয়া মমতাজ, ড. প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাকী (স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত)
বক্তারা নতুন বাংলাদেশ পুনর্গঠনে এবং জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ প্রকৌশলী সমাজ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

