দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগে জয়পুরহাটে বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কার 

0
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগে জয়পুরহাটে বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কার 

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী পালন না করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অশ্লীল নাচ, গান ও আনন্দ উৎসব পরিবেশন করার দায়ে সোনামুখী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মাহবুল আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বারকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

রোববার ( ৩১ মে) জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

​জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ৩০ মে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী। দেশব্যাপী যখন এই দিনটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করা হচ্ছিল, তখন সোনামুখী ইউনিয়নের এই দুই শীর্ষ নেতা দলের কোনো কর্মসূচি পালন করেননি।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, শোকের এই দিনে দলীয় কর্মসূচি বর্জন করে তারা উল্টো জেলা বিএনপির শীর্ষ নেতা এবং স্থানীয় সাবেক সংসদ সদস্যের (এমপি) নাম ব্যবহার করে অশ্লীল নাচ-গানসহ আনন্দ উৎসবে মেতে ওঠেন।

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধানের নির্দেশক্রমে প্রেরিত ওই পত্রে উল্লেখ করা হয়, “শোকাবহ দিনে এ ধরনের অসাংগঠনিক ও অশ্লীল কর্মকাণ্ড দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে, যা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। ফলে দলীয় শৃঙ্খলা রক্ষা ও ক্ষতিকর প্রভাব এড়াতে ৩০ মে-র ওই নিন্দনীয় ঘটনার প্রেক্ষিতে তাদের দুজনকে সোনামুখী ইউনিয়ন বিএনপির পদসহ দল থেকে বহিষ্কার করা হলো।”

​এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জেলা বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান বলেন-আগামীতেও সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো অপকর্মের বিরুদ্ধে এমন জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।