রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত এই বৃহৎ কর্মসূচির অংশ হিসেবে রাণীনগরেও এই উদ্যোগ নেওয়া হয়।
শনিবার (১৩ জুন) বিকেলে রাণীনগর উপজেলার সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ করে এই কর্মসূচির শুভ সূচনা করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু এমপি। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু এমপি । অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ এছাহক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোসারব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ মেজবাউল হক লিটন। বৃক্ষরোপণ শেষে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সবুজায়নের কোনো বিকল্প নেই। দেশবাসীকে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ উপহার দিতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ সময় তিনি উপজেলার প্রতিটি নাগরিককে নিজ নিজ উদ্যোগে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসর জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু। যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির প্রথম ধাপে দেশের ৪৯টি জেলার ১৪৯টি উপজেলায় দেড় কোটি চারা রোপণ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

