বাগআঁচড়ায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

0
বাগআঁচড়ায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

শার্শা প্রতিবেদক: পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বাগআঁচড়া বাজারের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে ফুলতলা মোড় হয়ে আবারও ময়ূরী সিনেমা হলের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা হাসানুজ্জামানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন। ​ বক্তব্যে কবির হোসেন বলেন, “দেশের শান্তি, শৃঙ্খলা ও সুন্দর গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে রাজপথে রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমেই দেশের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করতে দেওয়া হবে না। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার জোর আহ্বান জানান তিনি।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোহিদুল ইসলাম তৌহিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন নিপু, বাগআঁচড়া কলেজ ছাত্রদলের সভাপতি শাহিন আক্তার, কায়বা ইউনিয়নের সাবেক যুবদল নেতা কামরুল হাসান মিঠু, সাবেক ছাত্রদল নেতা মহিদ ও আয়ুব আলীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।