জয়নাল আবেদীন: জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগ আসছে ভয় দেখিয়ে জনগণের দাবী নিয়ে জামায়াতের আন্দোলন দমানো যাবে না। এটি পুরনো কৌশল, যা প্রয়োগ করে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে।
হাসিনা ডিসেম্বরে কেন এখনই দেশে আসুক। সরকার তাকে আনতে পারছে না কেন সেই প্রশ্ন করতে চাই। সরকার তাকে আনতে পারছে না যাদের ভয়ে, সেই কথা বলার সাহস পাচ্ছে না সরকার। এইজন্য সবকিছু জামায়াতের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্ত্বরস্থ জামায়াত জেলা ও মহানগর কার্যালয়ে ‘রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরাম’ গঠন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।জামায়াতের নায়েবে আমির বলেন, টাকা খেয়ে বিএনপি’র লোকেরা আওয়ামী লীগকে মিছিল করার সুযোগ করে দিচ্ছে। তারা টাকা কামাই করছে, তাই মিছিল হচ্ছে।
এমন দ্বিচারিতা বন্ধ করেন। দেশের জনগণ ফেসবুক, টিভি, মিডিয়ায় সবকিছু দেখছে। দেশের দূর্নীতির বিষয়ে তিনি বলেন, টাকার অভাব দেশের সমস্যা না, সৎ নেতৃত্বের অভাব রয়েছে। অযোগ্য, দূর্নীতি পরায়ন নেতৃত্বের কারণে দেশের এই দুরাবস্থা। এটি ঘোচাতে যোগ্য, সৎ লোকের নেতৃত্ব কায়েম করতে হবে। উন্নয়নের ক্ষেত্রে এর বিকল্প নেই। রংপুরের উন্নয়ন নিয়ে তিনি বলেন, সরকার দলীয় লোকেরা বলছে রংপুরের মানুষ নাকি সব সময় বিরোধী দলের ভূমিকা পালন করে। তারা বিরোধী দলকে ভোট দেয়ার কারণে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। এজন্য আমরা কয়েকজন সংসদ সদস্য মিলে জাতীয় সংসদের ভূমিকা পালন করছি। সেই সাথে জনগণকে সাথে নিয়ে ন্যায্য হিস্যা পেতে মাঠে রয়েছি।
আমরা কোন দেশের চোখ রাঙ্গানীকে ভয় পাই না। আমরা সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রয়েছি। আধিপত্যবাদী শক্তি ও তাদের দোসরদের পূর্নবাসন করা হলে পূর্বের চেয়ে করুন পরিণতি হবে।সংবাদ সম্মেলনে এটিএম আজহারুল ইসলাম এমপিকে আহ্বায়ক, রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলালকে সদস্য সচিব করে ১৮ সদস্য বিশিষ্ট ‘রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরাম’ গঠন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রংপুর-৫ আসনের এমপি গোলাম রব্বানী, রংপুর-১ আসনের রায়হান সিরাজী, কুড়িগ্রাম-১ আসনের আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-৪ আসনের মোস্তাফিজুর রহমান, নীলফামারী-১ আসনের আব্দুস সাত্তার, নীলফামারী-৩ আসনের ওবায়দুল্লাহ সালাফী, নীলফামারী-২ আসনের আল ফারুক আব্দুল লতীফ, নীলফামারী-৪ আসনের হাফেজ আব্দুল মুনতাকিম, গাইবান্ধা-২ আসনের আব্দুল করিম, গাইবান্ধা-৩ আসনের নজরুল ইসলাম, গাইবান্ধা-১ আসনের মাজেদুর রহমান, গাইবান্ধা-৫ আসনের মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেসসহ অন্যরা।

