
আজকের ডেস্কঃ রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও স্তম্ভিত পুরো দেশ। সামাজিক যোগাযোগমাধ্যম এখন শুধুই ধিক্কার আর প্রতিবাদের মঞ্চ। সাধারণ নেটিজেনদের পাশাপাশি এই পৈশাচিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবার গর্জে উঠেছেন দেশের তারকা ক্রিকেটাররা। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসদের মতো ক্রিকেট আইকনরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই জঘন্য অপরাধের দ্রুত ও কঠোরতম বিচার দাবি করেছেন।
‘আমরা এমন এক সমাজ চাই যেখানে ভয় থাকবে না’ — শান্ত
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফেসবুকে এক আবেগঘন পোস্টে লেখেন “আমরা এমন এক সমাজ চাই, যেখানে প্রতিটি শিশু নিরাপদে হাসতে পারবে, ভয় নয়, স্বপ্ন নিয়ে বড় হবে। আর কোনো রামিসার জীবন যেন এভাবে থেমে না যায়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আর দোষীদের এমন শাস্তি হোক যা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে।”
বাংলাদেশের ক্রিকেটের অন্যতম নির্ভরতা এবং শততম টেস্ট খেলা অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম রামিসার ছবি পোস্ট করে বিচার চেয়েছেন। তিনি লিখেছেন “আজ সকালে খবরটা শুনে আমি পুরোপুরি হতবাক। সে নিরাপত্তা, ভালোবাসা এবং সুরক্ষা পাওয়ার যোগ্য ছিল; এমন ভয়াবহ নিষ্ঠুরতা নয়। আমি এই নিষ্পাপ শিশুটির জন্য দ্রুত এবং যথাযথ বিচার দাবি করছি। কোনো পরিবারকেই যেন এই ধরনের যন্ত্রণা সহ্য করতে না হয়। শিশুদের বিরুদ্ধে অপরাধের কঠোরতম শাস্তি হওয়া উচিত।”
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস নিজের পিতৃত্বের অনুভূতির জায়গা থেকে ট্র্যাজেডিটি নিয়ে কথা বলেছেন। তিনি লিখেছেন “কন্যা সন্তানের বাবা হিসেবে খবরটি অত্যন্ত উদ্বেগজনক। আমাদের সন্তানদের নিরাপদ পৃথিবী প্রাপ্য, যেখানে তারা কোনো ভয় ছাড়াই বড় হতে পারবে। দ্রুত বিচার হওয়া উচিত। আসুন উচ্চকণ্ঠে বলি—এ ধরনের অপরাধে কঠোরতম শাস্তিই প্রাপ্য। আর কখনোই এমন ট্র্যাজেডির পুনরাবৃত্তি চাই না।”
অলরাউন্ডার সাকিব আল হাসান একে পুরো সমাজের ব্যর্থতা হিসেবে উল্লেখ করে লিখেছেন “একটি শিশুর কান্না শুধু একটি পরিবারের শোক নয়, এটি পুরো সমাজের ব্যর্থতার প্রতিধ্বনি। যারা নিষ্পাপ শৈশবকে ধর্ষণ ও হত্যার মতো নৃশংসতায় ধ্বংস করে, তারা মানবতার শত্রু। ন্যায়বিচার বিলম্বিত মানেই অন্যায়ের সাহস বাড়ানো। রামিসার জন্য দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল তার অফিসিয়াল ফেসবুক পেজে নিহত রামিসার ছবি শেয়ার করে এই নৃশংসতার উপযুক্ত বিচার দাবি করেছেন।
গতকাল থেকে ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে শিশু রামিসা হত্যার বিচার চেয়ে পোস্টের বন্যা বয়ে যাচ্ছে। নেটিজেনদের প্রতিক্রিয়াগুলোতে কান্নার ‘স্যাড’ রিয়্যাক্ট ও ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। অনেকেই লিখেছেন, এই ধরনের ঘটনার পর তারা প্রতিবাদের ভাষাও হারিয়ে ফেলেছেন।
এদিকে মামলার সর্বশেষ অগ্রগতিতে জানা গেছে, পল্লবীর এই লোমহর্ষক ঘটনার মূল অভিযুক্ত ব্যক্তি ইতিমধ্যেই আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আদালত আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দেশবাসীর এখন একটাই দাবি—মামলার রায় যেন দ্রুততম সময়ে কার্যকর করা হয়।
