ক্রীড়া প্রতিবেদক: ফাইনাল খেলার প্রত্যাশা নিয়ে এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। সেই ফাইনাল তো দূরের কথা, শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদকটাও জেতা হলো না। ব্যর্থতার এমন চিত্রের পর দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিনও দায় এড়াননি। সরাসরিই বললেন, ‘জাতির কাছে লজ্জিত’ তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ‘সত্যি বলতে আমরা জাতির কাছে খুবই লজ্জিত। কোচ হিসেবে আমি মনে করি, আমরা ব্যর্থ হয়েছি। যে প্রত্যাশা ছিল, সেখানে আমরা কিছুই করতে পারিনি। খুবই হতাশাজনক। পুরো জাতির কাছে আমরা লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী।’
বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে তখন একের পর এক প্রশ্ন উঠছিল। দলের শরীরি ভাষা থেকে শুরু করে গেমপ্ল্যান, ক্রিকেটারদের মনোযোগ কিছুই বাদ যায়নি। বিশেষ করে প্রতিপক্ষ যেখানে ১৬৫ রান তুলেছে, সেখানে বাংলাদেশ পাওয়ার প্লেতেই পাঁচ-ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়।
সালাউদ্দিন অবশ্য ক্রিকেটারদের চেষ্টার ঘাটতি দেখছেন না। তার ব্যাখ্যা, পরিকল্পনা ছিল, কিন্তু মাঠে সেটার বাস্তবায়ন হয়নি।
তিনি বলেন, ‘প্লেয়াররা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু আমার মনে হয় আমরা গেমপ্ল্যান ঠিকমতো বাস্তবায়ন করতে পারিনি। আমাদের প্রিমিয়াম বোলাররা যেভাবে বল করবে আশা করেছিলাম, সেটা করতে পারেনি। স্পিনাররা খুবই ভালো বল করেছে।’
শ্রীলঙ্কার বিপক্ষে শনিবারের হারে বোলিং ব্যর্থতার পাশাপাশি ব্যাটিংয়ের ধসকেও হারের বড় কারণ হিসেবে দেখছেন কোচ। তার মতে, পাওয়ার প্লেতেই ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যায়, ‘খুব তাড়াহুড়ো করতে গিয়ে পাওয়ার প্লেতে পাঁচ-ছয়টা উইকেট পড়ে যায়। সেখান থেকে ম্যাচ বের করা খুব কঠিন। কারণ অন্য দলগুলোর মতো আমাদের খুব বেশি অলরাউন্ডার নেই।’
তবে ১৬৫ রান যে তাড়া করার মতো লক্ষ্য ছিল, সেটি মেনে নিয়েছেন সালাউদ্দিন নিজেই। প্রশ্ন করা হলে তার সোজাসাপ্টা উত্তর, ‘অবশ্যই সম্ভব। এই উইকেটে সম্ভব ছিল।’

