রংপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা উপেক্ষা করে কর্মসুচি পালন

0

জয়নাল আবেদীন: রংপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা উপেক্ষা করে কর্মসুচি পালন করেছে মহানগর বিএনপি ।রাজধানী ঢাকার নিউ মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর মহানগর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। এর আগে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতন্ডা হয়। পরে দলীয় কার্যালয়ের গলীর প্রবেশ পথের সামনে প্রতিবাদ সমাবেশ করেন নেতা কর্মীরা ।

সমাবেশে বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তি দাবি করেন বক্তারা। বক্তারা অভিযোগ করে বলেন নিউ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় কারা জড়িত তা ইতোমধ্যে গণমাধ্যমের কল্যাণে দেশবাসী জেনে গেছে। অথচ সরকার বিএনপি নেতাদের নামে দোষ চাপিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সংঘর্ষে হেলমেটধারী ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত। তারাই সংঘবদ্ধভাবে হামলা চালিয়েছে। প্রকাশ্য দিবালোকে কুপিয়ে মানুষ হত্যা করেছে।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সিনিয়র নেতা সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য প্রদান করেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজ, মহানগর ছাত্রদলের সভাপতি নূর হাসান সুমন, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাহবুব হোসেন সুমন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন।