ভাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই ভাই নিহত

0
ভাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে ২ ভাই নিহত

বাংলাদেশ প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে মাহফুজুর রহমান (৩০) ও হামিম রহমান (১৬) নামে দুই ভাই নিহত হয়েছেন।

সোমবার (২৪ জুলাই) বেলা ৩টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজা-সংলগ্ন হাসামদিয়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা মেহেরপুর জেলা সদরের নতুন দরবেশপুর এলাকার আদম আলীর ছেলে। এছাড়া এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কুষ্টিয়ার কুমারখালীর কালুয়া গ্রামে শিপন (৩৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি বাস হাসামদিয়ায় পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই মাহফুজুর রহমান নিহত হন এবং হাসপাতালে নেয়ার পথে হামিমের মৃত্যু হয়। আহত শিপনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুয়েল জানান, মাহফুজুর রহমান তার ছোট ভাই হামিমকে মাদরাসায় ভর্তি করানোর জন্য তাকে নিয়ে ভাঙ্গায় এসেছিলেন। পরিবারের লোকজন এলে লাশ হস্তান্তর করা হবে। গাড়িটি আটক করা হয়েছে।