মাসুদ রানা রাব্বানী: টানা চতুর্থবারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। ২০০৮ সালে নৌকা নিয়ে তিনি বিপুল ভোটে জয়লাভ করার পর থেকে তিনি এই আসনের সংসদ সদস্য। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তার সাথে জোটের অন্য নেতাদের দূরত্ব সৃষ্টি হয়েছে। এবার এই আসনে ভোট করছে ১৪ দলের শরীক জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ শিবলী। আছে জাতীয় পার্টিরও প্রার্থী। একই সাথে স্বতন্ত্র প্রার্থী হয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বি হয়েছেন শফিকুর রহমান বাদশা। তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি। এরা কেউ এবার ফজলে হোসেন বাদশাকে ছাড় দিতে রাজি নয়।
একাদশ জাতীয় নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকার পক্ষে কাজ করেছিলেন আওয়ামী লীগসহ ১৪ দলের শরীকরা। কিন্তু এবার তার ব্যতিক্রম। নিজ দলের গুটি কয়েক নেতাকর্মী বাদে কেউ পাশে নেই বাদশার। ওয়ার্কার্স পার্টি থেকে বের হয়ে বেশ কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশাকে সমর্থন দিয়েছে। তারা কাঁচি প্রতীকের পক্ষে প্রচারণাও চালাচ্ছে। নির্বাচনী প্রচারণার ৭ দিন পার হয়ে গেলেও মাঠে দেখা যায়নি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে। তিনি নিজ দলের ৫০ জন নেতাকর্মী নিয়ে প্রচারণা চালাচ্ছেন।
সরেজমিন পর্যবেক্ষণে দেখা গেছে, ১৮ ডিসেম্বর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারে মাঠে নামে। ব্যত্যয় ঘটেনি সদর আসনে নৌকার টিকেট পাওয়া বাদশার ক্ষেত্রেও। তিনি ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গত ৬ দিন থেকে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন। তবে শুরু থেকেই তার সঙ্গে ছিলো না স্থানীয় আওয়ামী লীগের একজন নেতাকর্মীও। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাসহ বেশ কয়েকজন নৌকার টিকেট চেয়ে মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। কামালকে নৌকার টিকেটও দেয়া হয়েছিল। কিন্তু জোট রক্ষার স্বার্থে হাইকমান্ড শেষ পর্যন্ত ওয়ার্কার্স পার্টির বাদশাকেই নৌকা দিয়েছে। তবে হাল ছাড়েননি নগর আওয়ামী লীগের সহ- সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। ঘোষণা দেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদর আসনে নির্বাচনে লড়বেন। ঘোষণা অনুযায়ী, ‘কাঁচি প্রতীক’ নিয়ে সদরে ফজলে হোসেন বাদশার নৌকা প্রতীকের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বি হিসেবে নির্বাচনী মাঠে লড়ছেন। আর তাকে জয়ী করতেই একাট্টা হয়ে মাঠে নেমেছে মহানগর আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জানা গেছে, ১৮ ডিসেম্বর প্রচার শুরুর পর রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীরা নৌকা প্রতীকের প্রার্থী বাদশার পক্ষে কেউ প্রচারণায় নামেননি। তারা সমর্থন দিচ্ছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে। রাজশাহী মহানগর আওয়ামী লীগ সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ফজলে হোসেন বাদশার শীতল সম্পর্ক চলছে।

