বাংলাদেশ প্রতিবেদক: ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আন্দোলনের নামে শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে জনসাধারণের সাধারণ জীবনযাত্রার ব্যাঘাত ঘটিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা হলে ছাত্রলীগ রুখে দাঁড়াবে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাকাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন সাদ্দাম হোসেন।
এক প্রশ্নের জবাবে ছাত্রলীগ সভাপতি আরও বলেন, কোটা ব্যবস্থায় একটি যৌক্তিক ও অন্তর্ভূক্তিমূলক সমাধান ও সংস্কার আনয়ন করার এই মুহূর্তে জরুরি পদক্ষেপ। তবে অবরোধ বা জিম্মি পরিস্থিতি তৈরি করে নয়। সংশ্লিষ্ট সবার পক্ষের আলোচনা সাপেক্ষে বৈশ্বিক প্রেক্ষাপটে এবং ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামোর প্রেক্ষিতে একটি স্থায়ী সমাধানের উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, বিদ্যমান সমস্যার আইনগত সমাধানের দরজা উন্মুক্ত থাকা সত্ত্বেও ভিন্ন পন্থা অবলম্বন করা উচিত নয়। বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা না জানিয়ে এক ধরনের মব জাস্টিসের মতো নির্বাহী বিভাগের কাছে দাবি জানানো সুচিন্তিত নয় বলে আমরা মনে করি।
সাদ্দাম হোসেন বলেন, সরকারের প্রতি আস্থা রয়েছে, সরকার এটির যৌক্তিক অন্তর্ভূক্তিমূলক করার চেষ্টা করবে। কিন্তু এই আন্দোলনকে প্রলম্বিত করার প্রচেষ্টা পলিটিক্যাল অ্যাটেনশন সিকারদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা মনে করি, সড়ক অবরোধ, নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ও জীবনযাত্রায় বাধা সৃষ্টি এবং ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে তাদের ফিরে আসতে হবে।
এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

