বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে মদের দোকান বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মুসুল্লিরা। শাহজাদপুর উপজেলার সাধারন মুসুল্লিগনের ব্যানারে পৌরসভার প্রানকেন্দ্র দ্বারিয়াপুর বাজারের বাটার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ১২ জুলাই শুক্রবার জুম্মার নামাজের পর থেকে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মওলানা রাশেদুল হাসান সিদ্দিকী, ওলামা লীগের যুগ্ম আহবায়ক মওলানা ফুয়াদ হাসান, আওয়ামী লীগ নেতা ফারুক সরকার, মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, মুসুল্লি মনিরুল ইসলাম, মুস্তাকিন হোসেন প্রমুখ। বক্তারা বলেন, হযরত মখদুম শাহদ্দৌলা (রহ) ও শাহ হাবিবুল্লাহ (রহ) পূন্যভূমিতে মানিক সরকার নামে এক ব্যাক্তি অবৈধভাবে মদের দোকান খুলে প্রকাশ্যে দিনরাত অবাধে মদ বিক্রি করছে। এতে একদিকে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে। অন্যদিকে এলাকার যুব সমাজ মাদকের নেশায় আসক্ত হয়ে ধ্বংসের পথে যাচ্ছে। নেশার টাকা জোগাড় করতে এলাকার যুবসমাজ চুরি, ছিনতাই সহ নানা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়ছে।
বক্তারা স্থানীয় এমপি চয়ন ইসলামকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনের আগে আপনি ওয়াদা করেছিলেন নির্বাচিত হলে শাহজাদপুরকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। তাই বক্তারা অবিলম্বে শাহজাদপুরে মানিক সরকার সহ সকল মাদক ব্যবসায়ীর দোকান বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এমপি চয়ন ইসলাম ও প্রশাসনের প্রতি আহবান জানান। অন্যথায় মদের দোকান বন্ধ ও এলাকাকে মাদকমুক্ত করতে আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে। এসময় মানববন্ধনে অংশ নেয়া শত শত মুসুল্লিরা মদের দোকান বন্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এদিন জুম্মার নামাজের পর পর পৌরএলাকার বিভিন্ন মসজিদ থেকে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে শত শত মুসুল্লি এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে মুসুল্লিদের এক বিক্ষোভ মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

