কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

0
কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

বাংলাদেশ প্রতিবেদক: কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবাসহ জাহাঙ্গীর আলম নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা। এ সময় তাকে সহযোগিতা করার অভিযোগে সিএনজি চালককেও আটক করা হয়।

আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএনসি কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।

আটক জাহাঙ্গীর আলম (৫০) ময়মনসিংহের মুক্তাগাছা থানার মোগলটুরলা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ঢাকা জজ কোর্টে কর্মরত কনস্টেবল। তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা চালক শামসুল আলম (৩২) উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় যাত্রী জাহাঙ্গীর নিজেকে পুলিশ কনস্টেবল পরিচয় দেন। তার ব্যাগ তল্লাশি করে ৩৫ হাজার ইয়াবা পাওয়ায় যায়। তাকে ইয়াবা পরিবহনে সহযোগিতা করার অপরাধে সিএনজি চালক শামসুলকেও আটক করা হয়।’

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঢাকা জেলা কোর্টে কর্মরত পুলিশ কনস্টেবল দীর্ঘদিন কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে এপিবিএন সদস্য হিসেবে চাকরিরত ছিলেন বলেও জানান ডিএনসি কক্সবাজারের সহকারী পরিচালক।