শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মহিলা কলেজের জায়গা দখল করে মার্কেট নির্মাণ বিষয়ে ফেসবুক পেজে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সদস্য , শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নবীনবরণ পরিবহনের স্বত্বাধিকারী আলহাজ্ব আইয়ুব আলী। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নবীনবরণ পরিবহনের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও বিএনপি নেতা হাজী আইয়ুব আলী জানান, শাহজাদপুর মহিলা কলেজের ৪ শতক জায়গা দখল করে মার্কেট নির্মাণ করার অভিযোগ এনে তার বিরুদ্ধে ‘জনপদ সংবাদ’ নামে একটি ফেসবুক পেজে যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
এ বিষয়ে তিনি জানান, ২০০০ ও ২০০৬ সালে তিনি দ্বারিয়াপুর মৌজার আরএস ৬৫৫৫ দাগের ৭ শতক জায়গা জনৈক জামাল উদ্দিনের নিকট থেকে ২টি পৃথক রেজিস্ট্রি দলিল মূলে ক্রয় করেন। পরবর্তীতে তিনি আদালতের সোলের মাধ্যমে আব্দুল জব্বার গংদের নিকট থেকে একই দাগের আরো ৩ শতক জায়গা ক্রয় করেন। উক্ত ১০ শতক ভূমি শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের পশ্চিমাংশের সীমানা প্রাচীরের বাইরে অবস্থিত। ওই সম্পত্তি ক্রয় করার পর তিনি নামজারি করে সরকারি খাজনা, পৌরসভার হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি প্রদান পূর্বক ভোগদখল করে আসছেন । তার ক্রয়কৃত জায়গায় নবীনবরণ পরিবহনের গ্যারেজ, অফিস কক্ষ, টিকিট কাউন্টার ও ওয়ার্কশপ রয়েছে। একপর্যায়ে ওই জায়গার কিছু অংশের মালিকানা দাবি করে জনৈক মনোয়ারা খাতুন ও মহিলা কলেজ কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি ও কাগজপত্র মূলে বিজ্ঞ আদালত আমার পক্ষেই রায় দেন। এছাড়া উক্ত জমি জামাল উদ্দিন ও সড়ক ও জনপদ বিভাগ উভয়ের নামে ভ্রমাত্মকভাবে রেকর্ড হওয়ায় তিনি শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতে রেকর্ড সংশোধনের মামলা করেন। সে মামলাতেও বিজ্ঞ আদালত তার পক্ষেই রায় প্রদান করেন। আদালতের রায়ের পর তিনি কলেজ কর্তৃপক্ষের করা নামজারির বিরুদ্ধে উপজেলা ভূমি অফিসে মিস কেস করলে সহকারী কমিশনার (ভূমি ) কলেজ কর্তৃপক্ষের নাম জারি বাতিল করে তার পক্ষে রায় দেন। তিনি বলেন তার ক্রয়কৃত ও দখলীয় সম্পত্তির কাগজপত্র দেখানো সত্বেও ‘জনপদ সংবাদ’ এর ফেসবুক পেজে তার বিরুদ্ধে নানা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে। তিনি উক্ত ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাজী আইয়ুব আলী জানান , শাহজাদপুর মহিলা কলেজ কর্তৃপক্ষ তাদের জায়গা মাপ জরিপ করে পশ্চিমাংশে সীমানা প্রাচীর নির্মাণ করে কলেজ চত্বরে বহুতল ভবন নির্মাণ করেছে।
তার ক্রয় করা ১০ শতক জমিতে কলেজ কর্তৃপক্ষের কোন স্বত্ত্ব নেই। সংবাদ সম্মেলনে আইয়ুব আলী অভিযোগ করেন, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে এবং উপজেলা বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (২১ অক্টোবর) শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুহুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আইনের মাধ্যমে কলেজের বেদখল হওয়া জায়গা উদ্ধারের ব্যবস্থা করা হবে। সংবাদ সম্মেলনে মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোক্তার হোসেন , সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম , পৌরসভার সাবেক কমিশনার শ্রমিক নেতা আল মাহমুদ প্রামানিক ও মটর মালিক সমিতির নেতৃবৃন্দ সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

