মুলাদী প্রতিনিধি: বরিশালের মুলাদীতে পানিতে ডুবে আবু রায়হান নামের ১৭মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণপূর্ব কাজিরচর গ্রামে এই ঘটনা ঘটে। আবু রায়হান দক্ষিণপূর্ব কাজিরচর গ্রামের মাওলানা আবু নাঈমের ছেলে। বাড়ির সামনে খেলার সময় সে পুকুরে পড়ে মারা যায় বলে জানান স্বজনেরা। আবু নাঈম জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার ছেলে আবু রায়হান বাড়ির সামনে একা খেলতে ছিলো। ওই সময় তার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিলেন।
কোনো এক সময় আবু রায়হান বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে যায়। বেশ কিছু সময় ধরে ছেলেকে দেখতে না পেয়ে বাড়ির সবাই খোঁজ শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে ডুবন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে দাফনের জন্য লাশ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

