চট্টগ্রামে গণসংযোগের সময় বিএনপির প্রার্থীসহ গুলিবিদ্ধ ২ নিহত ১ জন

0
চট্টগ্রামে গণসংযোগের সময় বিএনপির প্রার্থীসহ গুলিবিদ্ধ ৩

চট্টগ্রাম প্রতিবেদকঃ চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহসহ ৩ জন গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (০৫ নভেম্বর) বিকেলে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় কে বা কারা তাকে গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটনের বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের নগরীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।’ তিনি বলেন, ‘বিকেলে নির্বাচনী প্রচারণার সময় গোলাগুলি শুরু হয়। এসময় এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন। এরশাদ উল্লাহর বুকে গুলি লেগে পাশ দিয়ে বেরিয়ে গেছে তার চিকিৎসা চলছে এবং তিনি আশঙ্কামুক্ত।’

বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগস্থলে গুলিবিদ্ধ হয়ে সরোয়ার হোসেন বাবলা (৪৩) নামে একজন নিহত হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। বিএনপি বলছে, সরোয়ার তাদের কেউ নন। জনসংযোগে শত শত লোক অংশ নেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির গণমাধ্যমকে বলেন, গুলিতে আহত সরোয়ার মারা গেছেন।

এদিকে, বিএনপি নেতা এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন।

এদিকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ার বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এই হামলার নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন।