অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে ইহুদি উৎসব চলাকালে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১২

0
অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে ইহুদি উৎসব চলাকালে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১২

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সমুদ্রসৈকতে ইহুদিদের উৎসব চলাকালে ভয়াবহ বন্দুক হামলা হয়েছে। সৈকতে ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কাহ অনুষ্ঠান চলাকালে দুই বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালিয়ে এ হামলা করে। এতে অন্তত ১২ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার পর রাজ্যের রাজধানী সিডনির বন্ডি সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে। খবর বিবিসি

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) জানিয়েছে, হামলায় অংশ নেওয়া অন্তত দুজন বন্দুকধারীর মধ্যে একজন নিহত হয়েছেন।

ঘটনার সময় ইহুদি ধর্মাবলম্বীরা হানুক্কা উৎসবের প্রথম প্রদীপ জ্বালাতে সৈকতে সমবেত হয়েছিলেন। প্রত্যক্ষদর্শী ৩০ বছর বয়সী হ্যারি উইলসন সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, ‘আমি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি, চারদিকে ছিল শুধু রক্ত আর রক্ত।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলির শব্দে সৈকতে ও পার্কে থাকা মানুষজন দিগ্বিদিগ জ্ঞানশূন্য হয়ে ছুটছেন। একটি ভিডিওতে কালো শার্ট পরা এক ব্যক্তিকে বড় কোনো অস্ত্র দিয়ে গুলি করতে দেখা যায়। পরে সাদা টি-শার্ট পরা এক ব্যক্তি তাকে জাপটে ধরে অস্ত্র কেড়ে নেন। অন্য একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ দুজন ব্যক্তিকে মাটিতে চেপে ধরেছে এবং একজনকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘটনাটিকে মর্মান্তিক ও পীড়াদায়ক উল্লেখ করে বলেছেন, জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং জীবন বাঁচাতে কাজ করছেন।

এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরি-র সহ-প্রধান নির্বাহী অ্যালেক্স রিভচিন স্কাই নিউজকে বলেন, ‘যদি আমাদের এভাবে লক্ষ্যবস্তু করা হয়, তবে তা এমন এক ভয়াবহ পরিস্থিতি যা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। এটি একটি ভয়ংকর ঘটনা।’

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই অস্ট্রেলিয়ায় সিনাগগ এবং ইহুদিদের বিভিন্ন স্থাপনা ও গাড়িতে হামলার ঘটনা বেড়েছে। কাকতালীয়ভাবে, সিডনির লিন্ড ক্যাফেতে জিম্মি ঘটনার ঠিক ১১ বছর পর এই হামলার ঘটনা ঘটল। ওই ঘটনায় ১৮ জনকে জিম্মি করা হয়েছিল এবং বন্দুকধারীসহ দুজন নিহত হয়েছিলেন।

রবিবারের এই হামলার পর নিউ সাউথ ওয়েলসের অ্যাম্বুলেন্স বিভাগের মুখপাত্র জানিয়েছেন, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরোধী দল লিবারেল পার্টির নেতা সুসান লে এই ঘটনাকে ‘বিশাল প্রাণহানি’ উল্লেখ করে শোক প্রকাশ করেছেন।