বাংলাদেশ প্রতিবেদকঃ ধর্ম-বর্ণের দেয়াল ভেঙে একটি মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও বৌদ্ধ বিহারের অধ্যক্ষদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, “মুসলমান, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টান—বিশ্বাসী-অবিশ্বাসী সবাই মিলেই আমরা ভালো থাকব। নাগরিকদের দুর্বল রেখে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না।”
অনুষ্ঠানে বগুড়ার বায়তুল রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম হোসাইন আহমেদ আবদুল্লাহর হাতে সম্মানীর চেক তুলে দিয়ে এই মহতী উদ্যোগের সূচনা করা হয়। এরপর প্রধানমন্ত্রী আইবাস (iBAS) সিস্টেমের মাধ্যমে একটি বোতাম চেপে সরাসরি ধর্মীয় নেতাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রেরণের প্রক্রিয়া উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী জানান, এটি একটি পাইলট প্রকল্প। পর্যায়ক্রমে দেশের প্রতিটি প্রান্তের যোগ্য ও অভাবী ধর্মীয় নেতাদের এই কর্মসূচির আওতায় আনা হবে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে নাগরিকদের রাষ্ট্রীয় ও সামাজিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে সততার সঙ্গে দায়িত্ব পালন করেন, তবে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিশ্বের বুকে এক স্বনির্ভর রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।”
তিনি আরও বলেন, সরকার প্রতিটি নাগরিকের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নই একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের মূল চাবিকাঠি।
আবহমান বাংলার অসাম্প্রদায়িক চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, “আজ আমরা সব ধর্মের মানুষ এক কাতারে বসেছি। এটিই আমাদের আসল পরিচয়। কেউ যেন আমাদের এই সুদৃঢ় বন্ধনের মাঝে বিভেদ বা বিরোধ সৃষ্টি করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে।”
প্রতিহিংসা ও সহিংসতামুক্ত সমাজ গঠনে ধর্মের উদারনৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে দেশের সচেতন মহল একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছে। বিশেষ করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রেরণের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করায় ধর্মীয় মহলে ব্যাপক সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।

