উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মির্জা আব্বাস: সঙ্গে আছেন চিকিৎসক ও পরিবার

0
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মির্জা আব্বাস: সঙ্গে আছেন চিকিৎসক ও পরিবার

বাংলাদেশ প্রতিবেদকঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ রোববার সকালে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। মস্তিস্কে জটিল অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে দেশের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় পরিবার ও মেডিকেল বোর্ড।

মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল জানান, আজ রোববার সকাল ১১টা ১৭ মিনিটে তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। ঢাকা থেকে সিঙ্গাপুরে পৌঁছাতে আনুমানিক চার ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিঙ্গাপুরে পৌঁছানোর পর মির্জা আব্বাসকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। তার চিকিৎসার সার্বক্ষণিক তদারকির জন্য সঙ্গে রয়েছেন, সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, ছোট ছেলে ইয়াসীর আব্বাস ও এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর ইকবাল।

গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়।

ভর্তির পরপরই নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়। শুক্রবার (১৩ মার্চ) তার মস্তিস্কে প্রায় পৌনে চার ঘণ্টা স্থায়ী একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচার পরবর্তী নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে আইসিইউতে (ICU) রাখা হয়েছিল।

আজ সকাল ৯টা ১০ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করে। এরপর কঠোর নিরাপত্তায় ও চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে নেওয়া হয়।