রণক্ষেত্র ইরান থেকে ফিরছেন বাংলাদেশিরা: কাল শুরু হচ্ছে বিশাল উদ্ধার অভিযান

0
রণক্ষেত্র ইরান থেকে ফিরছেন বাংলাদেশিরা: কাল শুরু হচ্ছে বিশাল উদ্ধার অভিযান

কূটনৈতিক প্রতিবেদকঃ মধ্যপ্রাচ্যের অস্থিরতায় যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করেছে সরকার। কয়েকশ বিপদগ্রস্ত নাগরিককে দেশে ফিরিয়ে আনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে এই উদ্ধার কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হতে পারে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম দফায় প্রায় দুই শতাধিক বা তার কিছু বেশি সংখ্যক বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় আনা হবে। উদ্ধার প্রক্রিয়ার ধাপগুলো হলো: প্রথমে নাগরিকদের ইরান সীমান্ত দিয়ে সড়কপথে আজারবাইজানে নিয়ে যাওয়া হবে। আজারবাইজানের বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে করে তাদের সরাসরি বাংলাদেশে আনা হবে।

এই প্রত্যাবাসন প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। পুরো প্রক্রিয়াটি তদারকি করতে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজান যাচ্ছেন। এছাড়াও মাঠ পর্যায়ে সমন্বয় ও সহযোগিতা করতে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা গত মঙ্গলবার রাতেই বাকুর উদ্দেশ্যে রওনা হয়েছেন।

ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত প্রবাসীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জীবন রক্ষার্থে অনেক বাংলাদেশিই নিজ দেশে ফেরার আকুতি জানিয়েছিলেন। তাদের সেই আহবানে সাড়া দিয়ে সরকার এই বৃহৎ উদ্ধার কার্যক্রমের পরিকল্পনা হাতে নেয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, “যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে যারা স্বেচ্ছায় ফিরতে চেয়েছেন, তাদের প্রত্যাবাসনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসগুলোর সমন্বয়ে খুব দ্রুতই এই কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।”

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কেবল প্রথম দফাই নয়, পর্যায়ক্রমে ইরান থেকে আগ্রহী সকল বাংলাদেশিকে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে সরকারের।