আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নৌবাহিনীর ইতিহাসের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন এক রহস্যের কেন্দ্রবিন্দু। গত বৃহস্পতিবার লোহিত সাগরে অবস্থানকালে জাহাজটির লন্ড্রি রুমে লাগা ভয়াবহ আগুন নিভতে সময় লেগেছে ৩০ ঘণ্টারও বেশি। কিন্তু এই অগ্নিকাণ্ড কি কেবলই দুর্ঘটনা, নাকি দীর্ঘ ১১ মাস সমুদ্রে আটকে থাকা ক্ষুব্ধ নাবিকদের সাজানো ‘নাশকতা’? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন আনুষ্ঠানিক তদন্তে নেমেছে মার্কিন নৌবাহিনী।
ভিয়েতনাম যুদ্ধের পর আর কোনো মার্কিন রণতরীকে এতটা দীর্ঘ সময় টানা সমুদ্রে থাকতে হয়নি। নিয়ম অনুযায়ী ৭ মাস মোতায়েন থাকার কথা থাকলেও, ভূ-রাজনৈতিক মারপ্যাঁচে ফোর্ডের নাবিকদের সমুদ্রে কাটাতে হচ্ছে টানা ১১ মাস। প্রথমে ভেনেজুয়েলার বিরুদ্ধে অভিযানে পাঠানো হয়। বাড়ি ফেরার ঠিক আগ মুহূর্তে নির্দেশ বদলে তাদের পাঠানো হয় লোহিত সাগরে।
দীর্ঘ ২৬২ দিন (১২ মে পর্যন্ত) সমুদ্রে থাকা এই নাবিকদের মনোবল এখন তলানিতে। নেভাল অপারেশনস প্রধান অ্যাডমিরাল ডেরিল কডলে আগেই সতর্ক করেছিলেন যে, বারবার মোতায়েনকাল বাড়ানো নাবিকদের বিয়ে, সন্তান গ্রহণ ও ব্যক্তিগত জীবনে চরম নেতিবাচক প্রভাব ফেলছে।
প্রাথমিকভাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে দেখালেও প্রকৃত চিত্র ভয়াবহ। আগুনের ধোঁয়ায় ঘুমানোর কক্ষগুলো বিষাক্ত হয়ে পড়ায় ৬০০-র বেশি ক্রু সদস্য বিছানা হারিয়েছেন। তারা এখন মেঝে ও টেবিলে ঘুমাতে বাধ্য হচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে নির্মাণাধীন রণতরী ‘জন এফ কেনেডি’ থেকে জরুরি ভিত্তিতে ম্যাট্রেস সংগ্রহ করতে হয়েছে। আধুনিক এই জাহাজটি এখন ‘খোঁড়াতে খোঁড়াতে’ মেরামতের জন্য গ্রিসের ক্রিট বন্দরের পথ ধরেছে।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কোনো নাবিক কি ইচ্ছা করেই আগুন লাগিয়েছিলেন যাতে জাহাজটি বন্দরে ফিরতে বাধ্য হয়? গ্রিক সংবাদমাধ্যম ‘কাথিমেরিনি’ ও ‘গ্রিক সিটি টাইমস’ নিশ্চিত করেছে যে, তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘অগ্নিসংযোগ’ বা ইনসেনডিয়ারি থিওরি।
এমনকি ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে, তেহরানের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়া এড়াতে মার্কিন সেনারাই এই আগুন দিয়েছে। যদিও একে প্রোপাগান্ডা বলছে পেন্টাগন, তবে ২০২০ সালে ‘ইউএসএস বনহোমি রিচার্ড’-এ এক নাবিক কর্তৃক আগুন দেওয়ার নজির মার্কিন নৌবাহিনীর দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।
শুধু আগুন নয়, ফোর্ড-এর পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও এখন এক বড় বিড়ম্বনা। প্রতিদিন গড়ে একটি করে অভিযোগ জমা পড়ছে শৌচাগার বিকল হওয়া নিয়ে। অদ্ভুতভাবে পাইপের ভেতরে টি-শার্ট ও লম্বা দড়ি আটকে থাকতে দেখা গেছে, যা মানুষের হস্তক্ষেপ ছাড়া সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে।
অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জন কর্ডলে বলছেন, “অতিরিক্ত ক্লান্ত নাবিকরা অনেক সময় কাজ সেরে ফেলার চেয়ে কাজে ফাঁকি দেওয়ার বা পরিস্থিতি এড়ানোর পথ খোঁজে।”
জেরাল্ড ফোর্ডের এই আগুন কেবল একটি জাহাজের ক্ষয়ক্ষতি নয়, বরং মার্কিন সামরিক বাহিনীর ভেতরকার মানসিক ও কৌশলগত চাপের এক বড় বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

