খুলনা প্রতিনিধিঃ খুলনা মহানগরীর লবণচরা থানাধীন খাদিজাবাগ এলাকায় এক দুর্ধর্ষ ও বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। ঘরের ভেতর ঢুকে একই পরিবারের চার সদস্যকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঠিকরাবাদ এলাকায় এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুই নারীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সন্ত্রাসীদের গুলিতে আহতরা হলেন, কাজী আনিসুর রহমান, রঞ্জুয়ারা বেগম (আনিসুরের স্ত্রী),রাইছুল ইসলাম (বড় ছেলে),ফাহিমা (ছোট ছেলের স্ত্রী) চিকিৎসকরা জানিয়েছেন, রঞ্জুয়ারা বেগম ও ফাহিমার শরীরে একাধিক গুলি লাগায় তাদের অবস্থা সংকটাপন্ন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এই নৃশংস হামলার মূলে রয়েছে একটি জটিল পারিবারিক ও অপরাধমূলক বিরোধ। কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল প্রায় তিন বছর আগে একটি মাদক মামলায় কারাগারে থাকাকালীন দুর্ধর্ষ সন্ত্রাসী ইমরানের সঙ্গে পরিচিত হন। জেল থেকে বের হওয়ার পর রাশিদুল ও ইমরানের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয় এবং ইমরান প্রায়ই রাশিদুলের বাড়িতে যাতায়াত করতেন।
এই যাতায়াতের সুবাদেই ইমরানের তৎকালীন স্ত্রী ফাহিমার সঙ্গে রাশিদুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ছয় মাস আগে ইমরান পুনরায় একটি মামলায় কারাগারে গেলে সেই সুযোগে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন।
স্ত্রীকে রাশিদুল বিয়ে করেছেন—এ খবর কারাগারে থাকাকালীনই জানতে পারেন ইমরান। তখন থেকেই তিনি প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিলেন। সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়ে বা বাইরে থেকে ভাড়াটে খুনিদের মাধ্যমে এই হামলার পরিকল্পনা করেন বলে ধারণা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে ঘরের দরজা ভেঙে ঢুকে পড়ে বন্দুকধারীরা এবং ঘুমন্ত পরিবারের ওপর গুলি চালায়।
ঘটনার পর পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা ও বৈবাহিক বিরোধের জেরে এই হামলা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের একাধিক টিম অভিযান শুরু করেছে। জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

