রণবীর ঝড়ে লণ্ডভণ্ড বক্স অফিস: ‘ডিডিএলজে’-র ৩০ বছরের রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর টু’

0
রণবীর ঝড়ে লণ্ডভণ্ড বক্স অফিস: ‘ডিডিএলজে’-র ৩০ বছরের রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর টু’

বিনোদন ডেস্কঃ বলিউডের ‘পাওয়ার হাউজ’ খ্যাত অভিনেতা রণবীর সিংয়ের পরবর্তী ধামাকা ‘ধুরন্ধর টু’ মুক্তির আগেই ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে সুনামি বইয়ে দিচ্ছে। সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনা এতটাই তুঙ্গে যে, মুম্বাইয়ের আইকনিক সিনেমা হল ‘মারাঠা মন্দির’-এর গত ৩০ বছরের অজেয় রেকর্ড ধুলোয় মিশিয়ে দিতে চলেছে এই অ্যাকশন থ্রিলার।

গত তিন দশক ধরে মুম্বাইয়ের মারাঠা মন্দিরে শাহরুখ-কাজলের কালজয়ী ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ (ডিডিএলজে) প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে প্রদর্শিত হয়ে আসছিল। কিন্তু ‘ধুরন্ধর টু’-এর আকাশচুম্বী চাহিদার কাছে হার মানতে বাধ্য হয়েছে সেই ঐতিহ্য। ডিডিএলজে-র চিরচেনা শো টাইম পরিবর্তন করে সেখানে জায়গা করে নিচ্ছে রণবীরের এই নতুন কিস্তি। ভারতের সিনেমা হল মালিকরা জানিয়েছেন, মুম্বাই ও থানেসহ বিভিন্ন শহরে দর্শকদের ভিড় সামলাতে মধ্যরাতেও বিশেষ শো রাখা হচ্ছে। এমনকি চাহিদা অনুযায়ী সিনেমাটি ২৪ ঘণ্টা বিরতিহীনভাবে প্রদর্শনের পরিকল্পনাও চলছে।

আগামী ১৯ মার্চ বড় পর্দায় মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির পরিসংখ্যান রীতিমতো চোখ কপালে তোলার মতো। মুক্তির আগেই ইতোমধ্যেই প্রায় ১৫ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম—এই মোট পাঁচটি ভাষায় মুক্তি পাচ্ছে ছবিটি।

ফেব্রুয়ারির শুরুতে ট্রেলার প্রকাশের পর থেকেই রণবীর সিংয়ের অভিনীত ‘হামজা আলি’ চরিত্রটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে। বিশেষ করে তাঁর হাড়হিম করা সংলাপগুলো ভক্তদের মুখে মুখে ফিরছে। পরিচালক আদিত্য ধর আগেই আভাস দিয়েছেন “এবারের কিস্তিতে ‘হামজা’ চরিত্রটি আগের চেয়েও অনেক বেশি দানবীয়, হিংস্র ও ভয়ংকর রূপে ধরা দেবে। যা বড় পর্দায় দর্শকদের স্নায়ুচাপ বাড়িয়ে দেবে।”

চলচ্চিত্র বিশ্লেষকরা ধারণা করছেন, ডিডিএলজে-র রেকর্ড ভাঙা তো কেবল শুরু; ১৯ মার্চ প্রেক্ষাগৃহে আছড়ে পড়ার পর বলিউডের ইতিহাসের শীর্ষস্থানীয় অনেক বক্স অফিস রেকর্ডই রণবীর সিংয়ের পকেটে চলে যেতে পারে। শুধু অ্যাকশন নয়, রণবীরের অভিনয় দক্ষতা ও আদিত্য ধরের নির্মাণশৈলী ‘ধুরন্ধর টু’-কে বছরের অন্যতম সেরা ব্লকব্লাস্টার করতে যাচ্ছে।