আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল যুদ্ধ ২০তম দিনে গড়িয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের অন্যতম ধমনী ‘হরমুজ প্রণালি’ কার্যত অচল হয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বৈশ্বিক শক্তিগুলো। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বৃটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং জাপান এক যৌথ বিবৃতিতে ইরানের সামরিক তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের দপ্তর থেকে প্রকাশিত এই বিবৃতিতে নেতারা কয়েকটি সুনির্দিষ্ট বিষয়ে ইরানকে সতর্ক করেছেন । সমুদ্রপথে মাইন স্থাপন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং বাণিজ্যিক জাহাজের গতিপথ রুদ্ধ করার মতো কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে। নেতারা স্পষ্ট করেছেন যে, সমুদ্রপথে অবাধ চলাচল আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি। ইরানের বর্তমান ভূমিকা বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে দেশগুলো ‘যথাযথ প্রচেষ্টায়’ অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
যুদ্ধের গত ২০ দিনে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে আছে। প্রাপ্ত তথ্যানুযায়ী এ পর্যন্ত অন্তত ২৩টি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে, যার মধ্যে ১০টিই ছিল বিশালাকার তেলবাহী ট্যাঙ্কার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান ওই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আক্রমণ চালাচ্ছে। পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের তেল ও গ্যাস স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় সচল করতে ন্যাটো এবং অন্যান্য বিশ্বশক্তিকে সরাসরি সামরিক ও কৌশলগত সহায়তার আহ্বান জানিয়েছেন। তবে ইউরোপীয় দেশগুলো এখনই সরাসরি কোনো বড় অভিযানে জড়ানোর ব্যাপারে সতর্ক। তারা স্বল্পমেয়াদে ট্রাম্পের এই আহ্বান প্রত্যাখ্যান করলেও, দীর্ঘমেয়াদে আলোচনা ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে সম্মত হয়েছে।
আন্তর্জাতিক মহলের এই অবস্থান থেকে স্পষ্ট যে, ইরান-ইসরায়েল যুদ্ধ কেবল আঞ্চলিক দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি বৈশ্বিক অর্থনৈতিক সংকটে রূপ নিতে যাচ্ছে। ইউরোপ ও জাপানের এই ঐক্যবদ্ধ অবস্থান তেহরানের ওপর কূটনৈতিক চাপ আরও বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে।

