ময়মনসিংহ প্রতিনিধিঃ নতুন জামা পরে ঈদ করার কথা ছিল ছোট্ট মরিয়মের। বাবা-মা শখ করে তার জন্য ঈদের পোশাক কিনে রেখেছিলেন। কিন্তু সেই নতুন জামা আর গায়ে তোলা হলো না তার। এক প্রতিবেশীর লালসার বলি হয়ে না ফেরার দেশে চলে গেল এই অবোধ শিশু। বৃহস্পতিবার (১৯ মার্চ) ইফতারের ঠিক আগমুহূর্তে উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামে প্রতিবেশীর রান্নাঘরের চুলার ভেতর থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মরিয়ম আক্তার মারুয়াখালি গ্রামের মো. মিজানুর রহমানের মেয়ে। জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার পর থেকে মরিয়মকে আর খুঁজে পাচ্ছিল না তার পরিবার। দুপুর গড়িয়ে বিকেল হলেও তার সন্ধান না মেলায় স্বজনরা হন্যে হয়ে চারদিকে খুঁজতে থাকেন। অবশেষে সন্ধ্যা ৬টার দিকে প্রতিবেশী সাদ্দাম মিয়ার বাড়ির রান্নাঘরের চুলায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, স্রেফ নেশার টাকার জোগান দিতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রতিবেশী সাদ্দাম মিয়ার কিশোর ছেলে ইয়াছিন মিয়া (১৬)। মরিয়মের গলায় ১২ আনা ওজনের একটি রুপার চেইন ছিল। ধারণা করা হচ্ছে, ইয়াছিন চেইনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে শিশুটি কান্নাকাটি শুরু করে। ধরা পড়ে যাওয়ার ভয়ে কিশোর ঘাতক শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে এবং প্রমাণ লোপাটের জন্য মরদেহটি তাদের নিজেদের রান্নাঘরের চুলার ভেতর লুকিয়ে রাখে।
নিহতের মামা হাবিবুর রহমান বলেন, “মরিয়মের জন্য নতুন জামা কিনতে আমি বাজারে গিয়েছিলাম, তখনই খবর আসে ও নিখোঁজ। রুপার চেইনের জন্য এভাবে একটা বাচ্চাকে মেরে ফেলবে, এটা ভাবতেই পারছি না। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।”
ঘটনার পর পরই উত্তেজিত জনতা ঘাতক সন্দেহে ইয়াছিন ও তার বাবা সাদ্দাম মিয়াকে আটকে রাখে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
ওসি রবিউল আজম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রুপার চেইনটি হাতিয়ে নিতেই শিশুটিকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অভিযুক্ত কিশোর ও তার বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।”
ঈদের মাত্র কয়েকদিন আগে এমন বর্বরোচিত ঘটনায় পুরো গ্রামে শোকের মাতম চলছে। স্থানীয় বাসিন্দা সুমন মিয়া জানান, অভিযুক্ত ইয়াছিন এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত ছিল। নেশার ভয়াবহতা কীভাবে একটি নিষ্পাপ শিশুকে কেড়ে নিল, তা ভেবে শিউরে উঠছেন প্রতিবেশীরা।

