রূপগঞ্জে দম্পতি ও শিশুকে জিম্মি করে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

0
রূপগঞ্জে দম্পতি ও শিশুকে জিম্মি করে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ভয়াবহ ও পৈশাচিক নির্যাতনের ঘটনা ঘটেছে। রূপগঞ্জের তারাবো পৌরসভার দীঘিবরাবো বৌবাজার এলাকায় এক গৃহবধূকে তার স্বামী ও ঘুমন্ত শিশুর সামনেই গলায় ছুরি ঠেকিয়ে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে। এই ঘৃণ্য অপরাধে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ (সোমবার) ভোররাতে দীঘিবরাবো এলাকার ওই গৃহবধূর ঘরে ঢুকে পড়ে দুই লম্পট। অভিযুক্তরা হলো—দীঘিবরাবো এলাকার মৃত রাসেল মিয়ার ছেলে আফজাল খান (২৪) ও মোহাম্মদ ইসলামের ছেলে আব্বাস আলী (২২)।

তারা ঘরে ঢুকে প্রথমে ওই নারীর মুখ চেপে ধরে এবং গলায় ধারালো ছুরি ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। এসময় তার স্বামী জেগে উঠলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পাশেই তাদের শিশুসন্তান ঘুমিয়ে ছিল। অভিযুক্তরা হুমকি দেয় যে, তাদের বাধা দিলে বা চিৎকার করলে স্বামী ও সন্তানসহ ওই নারীকে সপরিবারে হত্যা করা হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, স্বামীর গলায় ছুরি ধরে জিম্মি রেখে প্রথমে আব্বাস আলী ও পরে আফজাল খান ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে। পাশবিকতা চালিয়েই ক্ষান্ত হয়নি তারা; যাওয়ার সময় ওই দম্পতির ব্যবহৃত দুটি মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় নির্যাতিতা নারী নিজেই বাদী হয়ে ২৩ মার্চ রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরপর সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আফজাল ও আব্বাসকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন দুটিও উদ্ধার করা হয়েছে।

ওসি সবজেল হোসেন গণমাধ্যমকে বলেন, “ঘটনাটি অত্যন্ত বর্বরোচিত। অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের আজ আদালতে পাঠানো হয়েছে।”

ভুক্তভোগী নারীর শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতে দ্রুত চার্জশিট প্রদানের প্রস্তুতি নিচ্ছে।