নাসিরনগরে দুই গোষ্ঠীর ভয়াবহ সংঘর্ষ: মসজিদের ইমামসহ নিহত ২, আহত অন্তত ৫০

0
নাসিরনগরে দুই গোষ্ঠীর ভয়াবহ সংঘর্ষ: মসজিদের ইমামসহ নিহত ২, আহত অন্তত ৫০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আধিপত্য বিস্তার ও নির্বাচনী শত্রুতার জেরে দুই গোষ্ঠীর মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঝগড়া থামাতে গিয়ে স্থানীয় মসজিদের ইমামসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার গোয়ালনগর গ্রামে রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের পাশাপাশি উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিরোধের মূলে রয়েছে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনের একটি ঘটনা। নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপি সমর্থক রহিম তালুকদার গোষ্ঠীর জিয়াউর রহমানকে আটক করে সেনাবাহিনী। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

এই ঘটনার জন্য জিয়াউর রহমান একই গ্রামের কাসেম মিয়া গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করতে শুরু করেন। কারামুক্ত হওয়ার পর থেকেই তিনি প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। সম্প্রতি জিয়াউর তার দলবল নিয়ে শিশু মিয়াকে আটক করে মারধর করেন এবং তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেন।

মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবারও দুই পক্ষের মধ্যে এক দফা সংঘর্ষ হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন টেঁটা, বল্লম ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবারও সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষ চলাকালীন রহিম গোষ্ঠীর আক্তার মিয়া মারাত্মক জখম হয়ে মারা যান। অন্যদিকে, বিবাদমান দুই পক্ষকে শান্ত করতে এবং ঝগড়া থামাতে গিয়ে স্থানীয় মসজিদের ইমাম হাবিবুর রহমান নির্মমভাবে প্রাণ হারান। এছাড়া দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন, যাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পূর্ব বিরোধের জের ধরে আজ সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুইজন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

গ্রামের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও থমথমে ভাব কাটেনি। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এলাকায় টহল দিচ্ছে।