আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটার মাঝে নতুন করে আলোচনায় উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘১৫ দফার শান্তি পরিকল্পনা’। তবে কূটনীতিকদের একটি বড় অংশ মনে করছেন, এই তথাকথিত নতুন পরিকল্পনা আসলে প্রায় এক বছর আগের একটি ‘পুরানো নথির’ কাটছাঁট সংস্করণ মাত্র। আগামী সোমবার থেকে ইসলামাবাদে শুরু হতে যাওয়া সম্ভাব্য আলোচনার আগে এই পরিকল্পনা এবং ইরানের পাল্টা পাঁচ শর্ত নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে টানটান উত্তেজনা।
২০২৫ সালের মে মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পারমাণবিক আলোচনার ভিত্তি ছিল ১৫ দফার একটি পরিকল্পনা। কিন্তু ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানোর পর সেই আলোচনা ভেস্তে যায়। ট্রাম্প এখন সেই একই প্রস্তাবকে নতুন মোড়কে উপস্থাপন করছেন বলে ধারণা করা হচ্ছে।
২০২৫ সালের সেই ১৫ দফার মূল দিকগুলো ছিল: ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৩.৬৭ শতাংশে নামিয়ে আনা এবং সমস্ত মজুদ দেশের বাইরে পাঠিয়ে দেওয়া। এক মাসের মধ্যে সমস্ত সমৃদ্ধকরণ স্থাপনা অকেজো করা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে প্রাপ্ত অর্থ ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যবহার করতে পারবে না। ইরান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কাতার ও আমিরাতকে নিয়ে একটি যৌথ পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা গঠন।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্যমতে, ট্রাম্পের পরোক্ষ আলোচনার প্রস্তাবের বিপরীতে ইরান পাঁচটি কঠোর শর্ত দিয়েছে তা হল যুদ্ধ আর কখনোই শুরু হবে না—এমন সুনির্দিষ্ট নিশ্চয়তা। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, কৌশলগত এই সমুদ্রপথের কর্তৃত্ব কার্যত ইরানের হাতে থাকা। মধ্যপ্রাচ্যে অবস্থিত সকল মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করা। সাম্প্রতিক যুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়। ইরানের বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালানো সংবাদকর্মী বা ব্যক্তিদের বিচার বা হস্তান্তরের দাবি।
সোমবার রাতে ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি পাঁচ দিনের জন্য স্থগিত করেছেন। ট্রাম্পের দাবি, এই সময়ে তিনি ১৫ দফার ঐকমত্যের সম্ভাবনা যাচাই করতে চান। তবে তেহরানের অভিযোগ, মার্কিন বাজার খোলার আগে পরিস্থিতি শান্ত রাখতেই ট্রাম্প এই ‘নাটক’ করছেন। ইরান কোনো ধরনের ‘গোপন আলোচনার’ কথা সরাসরি অস্বীকার করেছে।
ইরানে মার্কিন হামলার যৌক্তিকতা নিয়ে পশ্চিমা বিশ্বে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চাপের মুখে পড়তে পারেন। ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, কানাডা এবং জাপান ইতিমধ্যেই জানিয়েছে, তারা এই যুদ্ধকে ‘বেআইনি এবং অপ্রয়োজনীয়’ মনে করে এবং কোনো সামরিক হস্তক্ষেপের আগে তারা যুদ্ধবিরতির পক্ষে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আগামী সপ্তাহের আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকতে পারেন। ভ্যান্সকে যুদ্ধের বিরোধী হিসেবে দেখা হয় বলে তার উপস্থিতি ইরানকে কিছুটা আশ্বস্ত করতে পারে। তবে ২০২৬ সালে এসে পরিস্থিতি অনেক বদলে গেছে; মার্কিন বোমাবর্ষণে ইরানের অনেক স্থাপনা এরই মধ্যে ক্ষতিগ্রস্ত। ফলে পুরনো ১৫ দফার ভিত্তিতে কোনো টেকসই সমাধান আসবে কি না, তা নিয়ে গভীর সংশয় রয়েছে।
এবারের আলোচনা শুধু পারমাণবিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নেই। ইরানের নিরাপত্তা গ্যারান্টি, উপসাগরীয় দেশগুলোর অনাক্রমণ চুক্তি এবং মার্কিন সামরিক উপস্থিতির মতো জটিল বিষয়গুলো এখন মূখ্য হয়ে দাঁড়িয়েছে।

