আদালত প্রতিবেদকঃ দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে আজ তাকে বাংলাদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
তিনি বিদায়ী অ্যাটর্নি জেনারেলের স্থলাভিষিক্ত হবেন এবং অবিলম্বে তাঁর এই নিয়োগ কার্যকর হবে বলে জানানো হয়েছে।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশের আইন অঙ্গনের একজন পরিচিত মুখ। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এই কৃতি সন্তান দীর্ঘকাল ধরে সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন। তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য দিকগুলো হলো ১৯৯৬ সালে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। পরবর্তীতে তিনি আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে সাধারণ আইনজীবীদের আস্থার প্রতীক হয়ে ওঠেন।
তিনি বর্তমানে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী। আইন পেশায় থিতু হওয়ার আগে তিনি কিছুদিন সাংবাদিকতা পেশার সঙ্গেও যুক্ত ছিলেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই প্রভাবশালী সদস্য সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নির্বাচনের আগে গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির অন্যতম সদস্য ছিলেন তিনি। নির্বাচনী প্রক্রিয়ায় আইনি জটিলতা নিরসনে তাকে টিম লিডার করে গঠিত ‘আইনি সহায়তা সাব-কমিটি’র দায়িত্ব পালন করেন তিনি।
আইনজীবীদের মতে, একজন অভিজ্ঞ এবং দক্ষ আইনজ্ঞ হিসেবে ব্যারিস্টার কাজলের নিয়োগ বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং আইনের শাসন সমুন্নত রাখতে সহায়ক হবে। বিশেষ করে বর্তমান সরকারের রাষ্ট্র সংস্কার কার্যক্রমে আইনি পরামর্শ দাতা হিসেবে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নিয়োগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, “সংবিধানের সুরক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমি আমার সর্বোচ্চ মেধা ও শ্রম ব্যয় করব।”
তিনি দেশের আইন অঙ্গনে অত্যন্ত মার্জিত এবং বিচক্ষণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত, যা বর্তমান সরকারের বিচারিক সংস্কার প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

