নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা ২৫ হাজার টাকা আদায়কে কেন্দ্র করে ৯ মাসের এক দুগ্ধপোষ্য শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার বাগবেড় সিটি মার্কেট এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অপহৃত শিশু ওয়াসিককে উদ্ধারসহ অপহরণকারী নারীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঞ্চন কৃষ্ণনগর এলাকার আশরাফুল ইসলামের কাছ থেকে প্রায় ছয় মাস আগে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন স্থানীয় জলিল মিয়া। এর মধ্যে ২৫ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি টাকা নিয়ে দীর্ঘ দিন ধরে দুই পক্ষের মধ্যে টালবাহানা ও বিরোধ চলছিল।
অভিযোগ উঠেছে, পাওনা বাকি টাকা আদায়ের চরম পন্থা হিসেবে বৃহস্পতিবার দুপুরে স্বামী আশরাফুলের সহায়তায় আশরাফুলের স্ত্রী সোনিয়া কৌশলে শিশু ওয়াসিককে তার নানার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যান।
বিকেলে বাগবেড় সিটি মার্কেটের একটি বিকাশ দোকানে গিয়ে সোনিয়া শিশুর পরিবারের কাছে ২৫ হাজার টাকা দাবি করেন। তিনি হুমকি দেন যে, নির্দিষ্ট বিকাশ নম্বরে টাকা না পাঠালে শিশুটিকে আর ফেরত দেওয়া হবে না।
টাকা দাবি ও সোনিয়ার আচরণে সন্দেহ জাগলে সংশ্লিষ্ট বিকাশ দোকানদার বিষয়টি উপস্থিত স্থানীয়দের জানান। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা সোনিয়াকে আটক করে। এসময় বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেয় এবং শিশু ওয়াসিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সোনিয়াকে নিজেদের হেফাজতে নেয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, “ঘটনা শোনার পরপরই পুলিশ পাঠিয়ে অভিযুক্ত নারীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ঝর্ণা বেগম একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
টাকা আদায়ের জন্য ৯ মাসের অবুঝ শিশুকে ঢাল হিসেবে ব্যবহার করার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পলাতক অপর অভিযুক্ত আশরাফুলকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

