শাহজাদপুরে হিন্দু পরিবারের ৮ কোটি টাকা মূল্যের সম্পত্তি হাতিয়ে নেয়ার অভিযোগ

0
শাহজাদপুরে হিন্দু পরিবারের ৮ কোটি টাকা মূল্যের সম্পত্তি হাতিয়ে নেয়ার অভিযোগ

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার সাহাপাড়া মহল্লার এক হিন্দু পরিবারের প্রায় ৮ কোটি টাকা মূল্যের সম্পত্তি জাল ওয়ারিশান সনদ সৃষ্টি করে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে আব্দুল আজিজ আনসার নামে এক আইনজীবীদের বিরুদ্ধে। শুধু তাই নয় শাহজাদপুর যুগ্ম জেলা জজ আদালতে বাটোয়ারা মামলা চলমান থাকা অবস্থায় ওই আইনজীবী পারস্পরিক যোগসাজোসে জাল ওয়ারিশান সনদ ব্যবহার করে রথীন্দ্র নারায়ন দেওয়ান (৬৫) কাছ থেকে রেজিস্ট্রি দলিল মূলে পাওয়ার অফ এটর্নি নিয়ে তড়িঘড়ি করে কোটি কোটি টাকার সম্পত্তি বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

শুক্রবার (৩০ অক্টোবর ) সকাল ১০টায় শাহজাদপুর প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন রথিন্দ্র নারায়ন দেওয়ানের মৃত বড় ভাই অ্যাডভোকেট বরেন্দ্র নারায়ন দেওয়ানের ছেলে শান্তনু দেওয়ান। সংবাদ সম্মেলনে শান্তনু দেওয়ান বলেন, আমার দাদা (ঠাকুরদা) ব্রজেন্দ্র নারায়ন দেওয়ান তার ছেলে মেয়ে সহ ৬ জনকে ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করেন। পরবর্তীত পৌরসভা কর্তৃপক্ষ আমাদের ৬ জনের নাম উল্লেখ সম্বলিত ওয়ারিশান সনদপত্র প্রদান করে । যার ওয়ারিশান সনদ নং ১৭৯৫ (৬) ।

লিখিত বক্তব্যে শান্তনু দেওয়ান আরো জানান, তার অবিবাহিত কাকা রথীন্দ্র নারায়ণ দেওয়ান (৬৫) কিছুটা মানুষিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কোন কাজ করতেন না। সকাল থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় হযরত মখদুম শাহাদৌলার মাজারে ভক্তদের সাথে সময় কাটাতেন । গত ১০/০৭ /২০২৬ খ্রিস্টাব্দ তারিখে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে গত ১৬/০৭/ ২০২৬ তারিখে আমি থানায় লিখিত অভিযোগ দাখিল করি। নিখোঁজ হওয়ার পর থেকে আমার কাকার ব্যবহৃত মোবাইল ফোন (যার নম্বর ০১৭২৬৩৫৯৫২৫) বন্ধ রয়েছে। পরবর্তীতে আমি স্থানীয় সাব- রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে জানতে পারি আমার কাকা রথীন্দ্র দেওয়ান নিখোঁজ থাকা অবস্থায় জাল ওয়ারিশান সনদ সৃষ্টি করে নিজেকে একমাত্র ওয়ারিশ হিসেবে ভুয়া কাগজপত্র তৈরি করে দারিয়াপুর মৌজার বিভিন্ন দাগের ৫৪ শতক জমি অ্যাডভোকেট আব্দুল আজিজ সহ তিনজনের কাছে প্রায় ৩ কোটি টাকা মূল্যে রেজিস্ট্রি দলিল মূলে বিক্রি করেছেন। এছাড়া একই দিন রথীন্দ্র দেওয়ান জাল ওয়ারিশান সনদের মাধ্যমে নিজেকে একক ওয়ারিশ দাবি করে উপজেলার দারিয়াপুর ও বেজগাতী মৌজার বিভিন্ন দাগের প্রায় ৫ কোটি টাকা মূল্যের সম্পত্তি /ভূমি অ্যাডভোকেট আব্দুস আজিজ আনসারের নামে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি রেজিস্ট্রি করে দেয়। ওই পাওয়ার অফ অ্যাটর্নিমূলে আব্দুল আজিজ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল করে বিক্রি করছে। অথচ আজ পর্যন্ত আমরা নিখোঁজ কাকার কোন সন্ধান পাইনি।

শান্তনু দেওয়ান আরো বলেন, এই বিষয়ে তার মা লিপি রানী দেওয়ান অ্যাডভোকেট আব্দুল আজিজ , তার স্ত্রী ও ছেলের মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তারা মোবাইল ফোন রিসিভ করেননি। অন্যদিকে থানা পুলিশ অদ্যাবধি আমার কাকার কোন সন্ধান দিতে পারেননি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শান্তনু দেওয়ান বলেন, রক্তের সম্পর্কের আত্মীয়-স্বজন থাকার পরেও কি কারনে তার কাকা আব্দুল আজিজ আনসারকে পাওয়ার অফ এটর্নি দিয়েছেন তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। এ সময় শান্তনু দেওয়ান ও তার মা লিপি দেওয়ান উপস্থিত সাংবাদিকদের বলেন, প্রায় তিন মাস ধরে নিখোঁজ হওয়া রথীন্দ্র নারায়ন দেওয়ান আদৌ জীবিত আছেন কিনা সে ব্যাপারেও তারা রীতিমতো আশঙ্কায় ভুগছি। তারা সুস্থ অবস্থায় রথীন্দ্র দেওয়ান ওরফে কুনু দেওয়ানকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনের মাধ্যমে শান্তনু দেওয়ান ও তার মা কান্না জড়িত কন্ঠে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে বারবার চেষ্টা করেও উপজেলার ডায়া গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট আব্দুল আজিজের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ।