ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় রাতে খোলা রাখাকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলা চত্বরে সংঘটিত এই রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নিয়ম বহির্ভূতভাবে গভীর রাতে পিআইও অফিস খোলা রেখে দাপ্তরিক কাজ চলছিল। খবর পেয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও আগামী সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনের সম্ভাব্য প্রার্থী মামুনুর রশিদের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা সেখানে যান। রাতে অফিস খোলা রাখার কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে তাদের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ ওঠে গণঅধিকার পরিষদের নেতাদের বিরুদ্ধে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বাকবিতণ্ডার পর মামুনুর রশিদ ও তার কর্মীরা চলে যাওয়ার সময় পিআইও নুরুন্নবী সরকার ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে পাল্টা অভিযোগ পাওয়া গেছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনার ভয়াবহতা ফুটে উঠেছে।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিবেশ শান্ত আছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক সংবাদমাধ্যমকে জানান, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। সরকারি অফিসের মর্যাদা রক্ষা ও বিশৃঙ্খলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

